২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজিরিস্তানে হামলায় উদ্বাস্তু ৩৫০,০০০ মানুষ

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযানের শুরু থেকে উদ্বাস্তু হয়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 10:26 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

কর্মকর্তারা বলেছেন, বান্নু শহরের কাছে বাস ও লরির লম্বা লাইন ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ছিল।

শরণার্থী বহু শিশুরই টিকা দেয়া না থাকায় পোলিও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শরণার্থীদের বেশিরভাগই শিশু।

মানবিক সঙ্কট সামাল দিতে যথাসম্ভব সবকিছু করছে স্থানীয় কর্মকর্তারা। বান্নুর কাছে শরণার্থীদের একটি শিবির স্থাপন করা হয়েছে। তবে বেশিরভাগ পরিবারই সেখানে যেতে অস্বীকৃতি জানিয়েছে।

করাচি বিমানবন্দরে প্রণঘাতী একটি হামলা হওয়ার পর ওয়াজিরিস্তানে অভিযান শুরু হয়। উজবেক জঙ্গি গ্রুপ ও পাকিস্তানি তালেবানরা মিলে ওই হামলা চালায়।

উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল ও অন্যান্য এলাকায় জঙ্গিবিরোধী অভিযানে গত রোববার থেকে চালানো অভিযোনে অন্তত ২শ’ জঙ্গি মারা গেছে বলে দাবি করেছে সেনাবাহিনী।