২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে আকস্মিক সফরে কেরি

মিশরে নব নির্বাচিত প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি'র সঙ্গে বৈঠক করতে অনির্ধারিত সফরে কায়রো পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 07:44 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

বৈঠকে সেনা প্রধান থেকে গণতান্ত্রিক নেতৃত্বে আসা সিসি’কে আরো বেশি ব্যাপক-ভিত্তিক রাজনীতি করা এবং নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের ওপর দমনাভিযানের বিষয়ে সতর্ক করবেন বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে।

দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া গণমৃত্যুদণ্ডের রায় নিয়েও প্রশ্ন তুলতে পারেন তিনি। তবে অভ্যন্তরীন রাজনীতি নিয়ে পশ্চিমা এই মিত্রদেশের পরামর্শ জেনারেল সিসি কতটুকু গ্রাহ্য করবেন তা স্পষ্ট নয়।

কারণ, গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে নভেম্বরেও মিশর সফর করেছিলেন জন কেরি। সেই সময় কেরির দেয়া পরামর্শগুলো সিসি উপেক্ষা করেছেন।

৫৯ বছর বয়সী সিসি গত নির্বাচনে গৃহীত ভোটের প্রায় নব্বই শতাংশ পেয়ে জয়ী হয়েছেন। নতুন সরকার গঠন করে মিশরের অভ্যন্তরীন নিরাপত্তা ও ‘সন্ত্রাস’ দমন করার প্রতিজ্ঞা করেন তিনি।

গত জুলাইয়ে গণবিক্ষোভ শুরু হওয়ার পর নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সরকারের নিয়ন্ত্রণ নেন সেই সময়কার সেনা প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিশরের রাজপথে ব্যাপক বিক্ষোভ হয়, যাতে পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয় সহস্রাধিক মানুষ।