২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্নের সহযোগী সদস্যের মর্যাদা পাচ্ছে পাকিস্তান

পাকিস্তানকে সহযোগী সদস্যের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্যা ইউরোপীয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 03:24 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানই প্রথম এ মর্যাদা পেতে যাচ্ছে বলে রোববার জানিয়েছে দ্য ডন।

এছাড়া তুরস্ক ও সার্বিয়ার পর পাকিস্তান সহযোগী দেশের মর্যাদা পাওয়া তৃতীয় দেশ বলে জানিয়েছে গণমাধ্যমটি।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সার্নের ২১ সদস্যের কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বিদ্যুৎ উৎপাদন, কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে বেসামরিক নিউক্লিয়ার প্রযুক্তির ব্যবহারের কৃতিত্বধারী পাকিস্তান যে একটি দায়িত্বশীল নিউক্লিয়ার রাষ্ট্র, এটি তার একটি স্বীকৃতি।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, সার্নের সহযোগী সদস্যপদ লাভের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান উদ্ভাবন ও উদ্যেগে আরো নিবিড়ভাবে অবদান রাখার ও এর থেকে লাভবান হওয়ার বিষয়ে আশাবাদী পাকিস্তান।

২০১৩’র ফেব্রুয়ারিতে সার্নের সহযোগী সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিল পাকিস্তান।

তারপর চলতি বছরের প্রথম দিকে সার্নের একটি পরিদর্শক দল পাকিস্তানে এসে দেশটির পরমাণু শক্তি কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বেশ কয়েকটি নিউক্লিয়ার গবেষণা ইনিস্টিটিউট পরিদর্শন করেন।

ওই পরিদর্শক দলের সুপারিশক্রমেই সার্নের কাউন্সিল পাকিস্তানকে সহযোগী সদস্য দেশ করার সিদ্ধান্ত নেয়।

১৯৯৪ সালে সার্নের সঙ্গে পাকিস্তানের এক সহযোগীতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপর থেকেই ইউরোপীয় ওই অত্যাধুনিক গবেষণা প্রতিষ্ঠানটির সঙ্গে পাকিস্তানের বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ে লেনদেন চলছিল।

সার্নের লার্জ হ্যাড্রন কোলাইডরের বিভিন্ন আনুষাঙ্গিক যন্ত্রপাতি তৈরি ও পরবর্তী পরীক্ষাগুলোতেও পাকিস্তানের তৈরী বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়।