জেহাদি হামলার জন্য হামলাকারীর ‘ক্ষমা প্রার্থনা’
চীনের পশ্চিমাঞ্চলে চালানো এক হামলায় ৪ জনকে আহত করার পর হামলাকারীদের একজন ক্ষমা চেয়েছেন। দলের অন্যান্য সদস্যরা “জেহাদে” অংশ নেয়ার জন্য তাকে প্রভাবিত করেছেন বলে দাবী করেছেন তিনি।
শনিবার রাতে চীনের রাষ্ট্রিয় গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) এ খবর জানিয়েছে।
গত রোববার (১৫ জুন) চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের হোটান শহরের একটি মিলনায়তনে ওই ছুরি হামলাটি চালানো হয়েছিল। প্রদেশটি সংখ্যালঘু তুর্কিভাষী মুসলিম উইঘুর সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাসস্থান।
হামলায় যে তিনজন অংশ নিয়েছিলেন তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়ে মারা যান, অপর হামলাকারী মুয়ের ঝাতি’কে গ্রেপ্তার করা হয়।
সিসিটিভিতে ঝাতি’কে দেখানো হয়, তিনি বলেন, “আমি তাদের কথামতো কাজ করেছি, লোকজনকে কুপিয়েছি। আমি দুঃখিত, আমি আমরা আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। আমি শুধু বলতে চাই, আমি দুঃখিত।”
টেলিভিশনে দেখানোর সময় ঝাতি’র পরনে কয়েদীদের পোষাক ছিল এবং তার হাতে হাতকড়া লাগানো ছিল।
তিনি জানান, তার দলের সদস্যরা জেহাদের জন্য তাকে উদ্বুদ্ধ করে, এভাবে সে সোজা বেহেস্তে চলে যেতে পারবে বলে জানায়।
“তারা আমাকে জেহাদের বিষয়ে অবহিত করে, লড়াই করার সময় আমি মারা গেলে, আমি সোজা বেহেস্তে চলে যাব, মৃত্যুর পর আমার কোনো বিচার হবে না,” বলেন তিনি।
ঝাতি জানান, ১৫ জুন হামলার আগে ৫ সেকেন্ডে তিনি মিলনায়তনের ভিতরে তাস খেলারত লোকদের পর্যবেক্ষণ করে এক নারীকে কোপাতে শুরু করেন।
এরপর সিসিটিভি’র পক্ষ থেকে বলা হয়, “মুয়ের ঝাতি অনেক দেরীতে সবকিছু স্বীকার করেছেন, এখন আইনানুযায়ী তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।”
গত মাসে শিনজিয়াংয়ের একটি সব্জি বাজারে এক আত্মঘাতী হামলায় ৩৯ জন নিহত হওয়ার পর ওই এলাকার জিহাদিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে চীন।
শনিবার শিনজিয়াংয়ের একটি পুলিশ স্টেশনে গাড়ি নিয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটনায় হামলাকারীরা, এ সময় পুলিশের গুলিতে ১৩ হামলাকারী নিহত হন।
