২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাবিস্ফোরণের সঙ্কেত পাওয়ার দাবিতে আস্থাহীনতা

সম্প্রতি মহাবিশ্ব সৃষ্টির বিষয়ে মহাবিস্ফোরণ তত্ত্বকে সমর্থন করে এমন একটি অনন্য সাধারণ প্রমাণ পাওয়ার দাবি করেছিলেন একদল বিজ্ঞানী।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

কিন্তু বৃহস্পতিবার গবেষণা ফলাফল প্রকাশকালে ওই গবেষকরা তাদের প্রাপ্ত ফলাফল নিয়ে আস্থাহীনতার কথা স্বীকার করেছেন বলে বিবিসি জানিয়েছে।

মহাবিস্ফোণের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি হওয়ার এক সেকেন্ডের অত্যন্ত ক্ষুদ্র একটি ভগ্নাংশের মধ্যেই মহাবিশ্বের অতিদ্রুত সম্প্রসারণ ঘটেছিল বলে ১৯৮০ দশকে বিকশিত হওয়া এক বৈজ্ঞানিক ধারণায় অনুমান করা হয়।

এতে বলা হয়, মহাবিশ্ব সৃষ্টির প্রথম সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগের এক লক্ষ কোটি ভাগের এক ভাগের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ সময়ে ওই সম্প্রসারণ বা স্ফীতি ঘটেছিল।

ইনফ্লাশন থিওরি বা স্ফীতিতত্ত্ব নামে পরিচিত এই তত্ত্বানুযায়ী, মহাবিশ্ব স্ফীত হওয়ার পাশাপাশি ওই সময় মহাকর্ষ শক্তির ঢেউও তৈরি হয়েছিল যা মহাবিশ্বের স্থান-কালের পোশাকে সর্বপ্রাচীন আলোর এক অদ্বিতীয় নমুনা হিসেবে আকাশে বিচরণ করছে- যা বিখ্যাত কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বলে পরিচিতি পায়।

বৈশিষ্ট্যসূচক প্যাচানো নকশার আলোর সর্বপ্রাচীন এই নমুনা টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করা যাবে বলে ভবিষ্যৎ বাণী করা হয়েছিল।

চলতি বছরের ১৭ মার্চ বিআইসিইপি২ নামের একটি প্রকল্পের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ওই আলোর নমুনা আবিষ্কার করার ঘোষণা দিয়েছিলেন। নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখা এই আবিষ্কারের ঘোষণা বিশ্বের বিজ্ঞান মহলে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছিল।

বিআইসিইপি২ এর গবেষকরা দক্ষিণ মেরুতে বসানো একটি টেলিস্কোপ দিয়ে আকাশের ছোট একটি অংশে ব্যাপক পর্যবেক্ষণ চালিয়েছিলেন।

কিন্তু তাদের আবিষ্কার ঘোষণা করার পরপরই তাদের পর্যবেক্ষণ তীক্ষ্ণ সমালোচনার মুখে পড়েছিল। প্রতিদ্বন্দ্বী বিজ্ঞানী দলগুলো বিআইসিইপি২ এর গবেষণার ধরণ ও পর্যবেক্ষণের ত্রুটিগুলো খুঁজে বের করেছিল।

বিআইসিইপি২ গবেষকদল তাদের গবেষণা ফলাফল আরো পর্যালোচনার পর বৃহস্পতিবার ফিজিক্স রিসার্চ সাময়িকীতে প্রকাশ করেছে।

ওই ফলাফলে যুক্তরাষ্ট্রের গবেষক দলটি নিজেদের গবেষণার প্রতি সমর্থন জানালেও অন্যদের কয়েকটি বড় আপত্তি মেনে নিয়েছেন।

লন্ডনে বিআইসিইপি২ এর উন্মুক্ত বক্তৃতায় এর প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ক্লেম প্রাইকি পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে স্বীকার করেন।

বক্তৃতায় মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক দর্শকদের উদ্দেশে বলেন, “আমার আত্মবিশ্বাস কি কমে গেছে?”

“হ্যাঁ, কমে গেছে,” নিজের প্রশ্নের উত্তরে তিনি নিজেই একথা বলেন।