ভোট গণনায় জাতিসংঘকে চান কারজাই
আফগান প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গণনায় অনিয়মের অভিযোগ ওঠার পর এ কাজে জাতিসংঘ প্রতিনিধি দলের তত্ত্ববধায়নের পক্ষে মত দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।
ভোটগণনায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কয়েকদিন আগে ওই প্রক্রিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দেন প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ; যিনি প্রথম দফার নির্বাচনে এগিয়ে ছিলেন।
তিনি গণনা প্রক্রিয়া থেকে নিজের পর্যবেক্ষককে প্রত্যাহার করেন এবং গণনা স্থগিত রাখার দাবি তোলেন। একই সঙ্গে সমস্যার সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপও চান আব্দুল্লাহ।
শুক্রবার এক বিবৃতিতে কারজাই আব্দুল্লার পরামর্শকে স্বাগত জানান এবং সমস্যার সমাধানে একে একটি ইতিবাচক প্রস্তাব বলে মত দেন।
