২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউক্রেইনে ৩০০ বিদ্রোহী নিহত’

পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলা সেনা অভিযানে বৃহস্পতিবার অন্তত তিনশ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jun 2014, 10:37 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

প্রেসিডেন্ট পেট্রো পোরেসেনকোর যুদ্ধ বিরতির উদ্যোগ ব্যর্থ হওয়ার পর শুরু হওয়া সেনা অভিযান শুক্রবারও অব্যাহত ছিল। পূর্বাঞ্চলে রাশিয়া সীমান্তের একশ’ কিলোমিটার এলাকার মধ্যে ইয়ামপিল ও জাকিটনি এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সেনা বাহিনীর তুমুল লড়াই হয়েছে।

বৃহস্পতিবারের অভিযানে সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন বলে কিয়েভের পক্ষ থেকে জানানো হয়। একইদিন তিনশ বিচ্ছিন্নতাবাদী নিহত ও রুশপন্থিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করে কিয়েভ সেনারা। তবে নিরপেক্ষ সূত্রে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

কিয়েভের অ্যান্টি টেরোরিস্ট অপারেশনে’র মুখপাত্র ভ্লাদিস্লাভ সালেজনিয়ভ বলেন, পূর্ব ইউক্রেইনের ইয়ামপিল ও জাকিটনি এলাকা ঘিরে চলা সেনা অভিযানে প্রায় তিনশ’ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বিদ্রোহীদের লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ ছাড়াও আকাশ হামলা চালানো হয়।

সংঘর্ষের পর বিদ্রোহীদের কাছ থেকে একটি সাঁজোয়া যান ছাড়াও অনেক ভারী অস্ত্র উদ্ধার করা হয়।

পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকোর যুদ্ধ বিরতি প্রস্তাব উপেক্ষিত হওয়ার পরই সন্ত্রস বিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনী। বিদ্রোহীদের পৃষ্ঠপোষনকারী দেশ রাশিয়া সীমান্তের একশ’ কিলোমিটারের মধ্যে বিদ্রোহীদের দমানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

গত মে মাসে ইউক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক, ডোনেস্কসহ কয়েকটি এলাকায় স্বায়ত্তশাসন চেয়ে গণভোট করে রুশপন্থি বিদ্রোহীরা। তবে কিয়েভসহ আন্তর্জাতিক গোষ্ঠী ওই ভোটের স্বীকৃতি দেয়নি। কেবল রাশিয়া ওই গণভোটকে সমর্থন জানিয়েছে; যে দেশটি মূলত: বিদ্রোহীদের উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে আসছিল কিয়েভ।

পূর্বাঞ্চলে সরকারি বাহিনী বিদ্রোহীদেরকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলছে। তবে স্লোভিয়ানস্ক অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।