সিরিয়ার হামায় গাড়িবোমায় নিহত ৩৪
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশত মানুষ।
শুক্রবার শিয়া অধ্যুষিত হুররা বসতিতে এই হামলা হয়; যার জন্য আসাদ বিরোধীদের দায়ী করা হচ্ছে।
আলকায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট সম্প্রতি হামা প্রদেশে বোমা হামলাগুলো চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে শুক্রবারের হামলার সঙ্গে বিদ্রোহীদের কোন পক্ষ জড়িত তা স্পষ্ট নয়।
আরেক বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভেন্টের (আইএসআইএল) সঙ্গে রণাঙ্গনে অন্তর্দ্বন্দ্বে জড়িয়েছে নুসরা ফ্রন্ট। সম্প্রতি পাশ্ববর্তী দেশ ইরাকে কয়েকটি প্রদেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আলোচনায় এসেছে আইএসআইএল।
শুক্রবার যেখানে হামলা হয়েছে, সেই হুররা গ্রামে শিয়া মতাবলম্বী আলাওতি সম্প্রদায়ের বসবাস। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদও এই সম্প্রদায়ের সদস্য।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, গাড়িবোমা বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন।
আগের রাতে হামা প্রদেশের বিভিন্ন স্থানে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। সিরিয়ান আর্মিও তখন বিদ্রোহীদের লক্ষ করে বোমা বর্ষণ করে।
তিন বছর আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতার অবসান চেয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছিল সিরিয়ায়; যা পরে সহিংস গৃহযুদ্ধে রূপ নেয়। সিরিয়ায় শিয়া-সুন্নিদের মধ্যে চলা ওই যুদ্ধে দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে চলা শিয়া-সুন্নি দ্বন্দ্বে গৃহহারা হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। বিশ্বজুড়ে চলা যুদ্ধ-সংঘর্ষে শরণার্থী হওয়া মানুষের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বলে সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়।
