বাগদাদ অভিমুখে তুমুল লড়াই
ইরাকের রাজধানী বাগদাদ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে বাকুবায় ইরাকি বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গিদের তুমুল লড়াই চলছে।
বাকুবার কয়েকটি এলাকা সুন্নি জঙ্গিরা দখল করার পর সরকারি বাহিনী আবার তা দখলে নিয়েছে বলে দাবি করেছে।
শহরটির একটি পুলিশ স্টেশনে লড়াইয়ে ৪৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সপ্তাহে লড়াইয়ে কয়েকটি শহর দখল করে নেয়া জঙ্গিদের সঙ্গেই বাগদাদের কাছে লড়ছে ইরাকি বাহিনী।
শিয়া অধুষ্যিত ইরাক সরকার সুন্নি এলাকাগুলোকে প্রাধান্য না দেয়ায় ইরাকের অখন্ডতা রক্ষা করা সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী নাসিরভান বারজানি।
তিনি বলেন, সুন্নি জঙ্গিরা গত সপ্তাহে খুব দ্রুতই মসুল, তিকরিত এবং সোমবার তাল আফার দখল করেছে। এ অবস্থায় ইরাক পরিস্থিতি আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনা কঠিন।
ইরাকের সরকারি কয়েকটি সূত্র জানায়, বাগদাদের উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবায় কয়েকটি এলাকা সুন্নি বিদ্রোহীরা দখল করার পর সরকারি সেনা ও শিয়া মিলিশিয়ারা মিলে আবার তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
শহরটির একটি পুলিশ স্টেশনে রাতভর সংঘর্ষে ৪৪ বন্দি নিহত হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। তাল আফার শহরে ইরাকি বাহিনী বিমান হামলা চালাচ্ছে। সেখানে সামরিক শক্তি আরো বাড়ানো হয়েছে।
ওদিকে, বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশে সুন্নি জঙ্গিরা ফাল্লুজা শহরের কাছে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। ওই এলাকায় কয়েকটি ট্যাংকও ধ্বংস করার দাবি করেছে জঙ্গিরা। তাছাড়া, রামাদির কাছে একটি সামরিক ঘাঁটি থেকে সেনারা পালিয়ে গেছে বলে জানিয়েছে তারা।
ইরানের রেভল্যুশনারী গার্ড বাহিনীর কমান্ডার কাশেম সুলাইমানি বাগদাদে গিয়ে সুন্নিদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সামরিক কর্মকর্তা এবং শিয়া মিলিশিয়াদের সমন্বয়ক হিসাবে কাজ করছেন বলে খবর পাওয়া গেছে।
