বৃদ্ধ ভোটারদের আঙুল কেটে নেয়া তালেবান জঙ্গিদের হত্যা
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়া একদল বৃদ্ধের অমোচনীয় কালি মাখা আঙুল কেটে নেয়ায় অভিযুক্ত দুই তালেবান বিদ্রোহীকে হত্যা করেছে দেশটির পুলিশ।
রোবাবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই দুজনকে হত্যা করা হয় বলে আফগান পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।শনিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরী মনোনীত করেছেন আফগানবাসীরা। ২ জুলাইয়ে নির্বাচনের বেসামরিক ফলাফল ঘোষণা করা হবে।ওই দিন ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হেরাতের হতভাগ্য এসব বৃদ্ধকে আটক করে কালি মাখা আঙুল কেটে নেয় তালেবান বিদ্রোহীরা।ভোট দেয়ার পর ভোটকেন্দ্র থেকে বাধ্যতামূলকভাবে আঙুলে এই কালি লাগিয়ে দেয়া হয়েছিল।প্রথম পর্বের মতো চূড়ান্ত পর্বের ভোটও বানচাল করার হুমকি দিয়েছিল তালেবান। তাতে তেমন সফল না হলেও গোষ্ঠীটি জানিয়েছে, এই ঘটনার বিষয়ে তাদের কিছু করার ছিল না।পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযুক্ত বিদ্রোহী কমান্ডার মোল্লা শির আগা ও তার এক সহযোগী নিহত হন।ওই ঘটনার সঙ্গে যুক্ত বলে ধারণা করা অপর এক বিদ্রোহীকে আহত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।বৃদ্ধদের আঙুল কেটে নেয়ার ঘটনার নিন্দা জানিয়ে আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জান কুবিস বলেছেন, “ভোট দেয়ার মাধ্যমে তারা ইতোমধ্যে সন্ত্রাস ও সহিংসতার সেবকদের পরাজিত করেছেন।”তালেবানের হুমকি থাকা সত্বেও শনিবারের ভোটকে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। ওই দিন তালেবানের ধারাবাহিক হামলায় ৫০ জন নিহত হয়েছেন বলে সরকারিভাবে স্বীকার করা হয়েছে।
