২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ২২

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি গ্রামীণ বাজারে বন্দুকধারীরা অন্ততপক্ষে ২২ জনকে হত্যা করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jun 2014, 10:17 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

এই ঘটনাকে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সাম্প্রতিকতম হামলা বলে মনে করা হচ্ছে।

রোববার উত্তরাঞ্চলীয় বর্নো রাজ্যের সীমান্ত গ্রাম দাকুতে এ ঘটনা ঘটে বলে সোমবার জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, বন্দুকধারীরা সামরিক বাহিনীর কায়দায় লাইন ধরে এগিয়ে আসে এবং তাদের একে-৪৭ রাইফেল থেকে গুলিবর্ষণ করে। এই হামলাটি বোকো হারামের আগের হামলাগুলোর মতো একই কায়দায় চালানো হয়েছে।

বর্নোর রাজধানী মাইদুগুরি থেকে মানাসেহ আদামু বলেছেন, “ঘটনার সময় আমার ভাই ওই গ্রামীণ বাজারে ছিল। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। সে আমাকে বলেছে, বোকো হারামের কিছু সদস্য বাজার লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে।”

এপ্রিলে এই বর্নো রাজ্যের চিবুক এলাকা থেকেই ২শ’ স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম জঙ্গিরা। ওই ঘটনার পর থেকে একের পর এক নৃশংস হামলা চালিয়ে আসছে জঙ্গি গোষ্ঠীটি।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে বিদ্রোহী লড়াই শুরু করে বোকো হারাম। তারপর থেকে গোষ্ঠীটির হামলায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

ইদানিং নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রায় প্রতিদিনই প্রাণঘাতী হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।