২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গি বিমান হামলা শুরু

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে জঙ্গি বিমান হামলা চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 09:06 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। বোমা হামলায় ৬ সেনাও নিহত হয়েছে বলে জানিয়েছে তারা।

হামলার ভয়ে বহু মানুষ পালিয়েছে। এ হামলায় জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হবে বলেই আশা করছে সেনাবাহিনী। করাচি বিমানবন্দরে প্রাণঘাতী জঙ্গি হামলার এক সপ্তাহ পর এ বিমান হামলা শুরু হল।

আবু আব্দুল রেহমান আল-মানি নামক এক উজবেক যিনি করাচি বিমানবন্দরে হামলা সংগঠিত করতে সহায়তা করেছিলেন বলে ধারণা করা হয় তিনি উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় মারা গেছেন বলে রোববার ঘোষণা করেছে সরকার।

লড়াই এলাকায় নিরপেক্ষ কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার নেই এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানারও কোনো উপায় নেই।

উত্তর ওয়াজিরিস্তানে শুরু হওয়া সর্বসাম্প্রতিক বিমান হামলা চলছে শাওয়াল উপত্যকায়। কর্তৃপক্ষ বলেছে, তারা জঙ্গিদের জন্য আত্মসমর্পণের জায়গা ঠিক করছে।

তবে যেসব জঙ্গি আত্মসমর্পণ করবে না তাদেরকে নির্মূল করার দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীকে। বিমান হামলা এবং গোলাবর্ষণ চলছে বলে ইসলামাবাদ থেকে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।

ওই অঞ্চলে এরই মধ্যে মোতায়েন হয়েছে ৬০ হাজারের বেশি সেনা। তবে স্থল সেনারা এখনো সরাসরি সামরিক অভিযানে নামেনি বলে খবর পাওয়া গেছে।

উত্তর ওয়াজিরিস্তান কার্যত সিল করে দেয়া হচ্ছে এবং আফগানিস্তানকে জঙ্গি আনাগোনার রাস্তাগুলো বন্ধ করে দিতে অনুরোধ করা হয়েছে। সেনাবাহিনী দিনভর কারফিউ জারি করেছে এবং জঙ্গিদের যোগাযোগ বন্ধ করে দিতে মোবাইল ফোন সেবা বন্ধ করেছে।

ওই অঞ্চলের বাদবাকী জায়গা থেকে বেসামরিক নাগরিকদেরকে সরিয়ে নেয়ার ব্যবস্থাও করা হচ্ছে।