২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের তাল আফার দখল করেছে জঙ্গিরা

ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহর দখল করেছে সুন্নি জঙ্গিরা। কর্মকর্তা ও অধিবাসীরা একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) এর নেতৃত্বাধীন জঙ্গিরা গত সপ্তাহে মসুল এবং তিকরিতসহ গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করেছে। তবে কয়েকটি শহর পুনর্দখল করেছে সরকারি বাহিনী।

রোববার তাল আফারে লড়াই শুরু হয়। জঙ্গিরা শহরটিতে প্রবেশের চেষ্টার সময় কয়েকটি এলাকায় মর্টারের গোলা হামলা হয়েছে। ইরাক

ইরাক এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় বসার কথা বিবেচনা করার মধ্যে তাল আফার ইরাকি বাহিনীর হাতছাড়া হওয়ার এ খবর এল।

সুন্নি, শিয়া জনগোষ্ঠী ও কিছু জাতিগত তুর্কি অধ্যুষ্যিত তাল আফারের অবস্থান মসুল এবং সিরিয়া সীমান্তের মাঝামাঝিতে।

তাল আফারের এক অধিবাসী ফোনে বলেছেন, জঙ্গিরা মেশিনগান নিয়ে এবং কালো জিহাদি ব্যানারের পতাকা উড়িয়ে পিক আপ ট্রাকে করে রাস্তায় রাস্তায় ঘুরছে। শোনা যাচ্ছে গুলির শব্দও।

অধিবাসীরা আতঙ্কে আছে এবং তাদের বেশিরভাগই শহর ছেড়ে কুর্দিদের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে চলে গেছে।

কিন্তু ইরাক সরকার বলেছে, শহরটির বেশিরভাগ এলাকাই এখনো সরকারের হাতে। কমান্ডিং জেনারেলের উদ্ধৃতি দিয়ে সরকার বলেছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই ইরাক বাহিনী আইএসআইএল যোদ্ধাদের শেষ করে ফেলার আশা করছে।

ইরাকের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কাশিম আতা বলেছেন, সামরিক বাহিনী কয়েকটি জায়গায় জঙ্গিদের বিরুদ্ধে সাফল্য অর্জন করেছে। নিহত হয়েছে ২৭৯ জঙ্গি। তবে এ সংখ্যা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।

স্থানীয় টিভি স্টেশনগুলো বলেছে, মসুলের কাছে একটি সামরিক ঘাঁটিতে রাতের বেলায় হেলিকপ্টার হামলা চালিয়েছে সরকারি বাহিনী। জঙ্গিরা গত সপ্তাহে শহরটি দখল করে।

ওদিকে, বাগদাদের উত্তরে সামারা শহরের কাছে সরকারি বাহিনীর যুদ্ধপ্রস্তুতির খবর পাওয়া গেছে। তিকরিতে পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে তারা।

সুন্নি জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ইরাকের সরকারি বাহিনীকে সমর্থন দেয়ার জন্য শত্রুদেশ ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

ওদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরাকে কোনো ব্যবস্থা নিলে ইরান সহযোগিতা করার কথা বিবেচনা করবে।