২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

ইউক্রেইনে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। বেঁধে দেয়া সময়ের মধ্যে গ্যাস বিল বাবদ পাওনা অর্থ পরিশোধ না করায় কিয়েভের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে মস্কো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 06:12 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

“ইউক্রেইনে গ্যাস সরবরাহ শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে” বলে সোমবার জানিয়েছেন ইউক্রেইনের জ্বালানি মন্ত্রী ইউরি প্রোদান।

রাশিয়ার সবচেয়ে বড় সরকারি গ্যাস কোম্পানি গ্যাজপ্রোম বলেছে, গ্যাস পেতে হলে ইউক্রেইনকে পাওনা পরিশোধ করতে হবে।

১৯৫ কোটি ডলার পাওনা পরিশোধের জন্য ইউক্রেইনকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত সময় বেধে দিয়েছিল রাশিয়া।

কিয়েভের কাছে গ্যাস বাবদ রাশিয়ার মোট পাওনা ৫২০ কোটি ডলার। ইউক্রেইনের মোট গ্যাস চাহিদার শতকরা প্রায় ৫০ ভাগ পূরণ করে রাশিয়া।

ওদিকে, রাশিয়া থেকে ইউক্রেইনের মধ্য দিয়ে চলে যাওয়া পাইপলাইনে সরবরাহ হওয়া গ্যাসের এক তৃতীয়াংশ পেয়ে থাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো।

ইউক্রেইনে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের ফলে ইইউ দেশগুলো গ্যাস সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে গ্যাজপ্রোম ইউরোপে গ্যাস সরবরাহ চালিয়ে যাবে বলে জানিয়েছে।

রাশিয়া ইউক্রেইনের ক্রিমিয়াকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নেয়ার পর থেকেই কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনাকর সম্পর্কের মধ্যে গ্যাস সরবরাহ বন্ধের এ ঘটনা ঘটল।

ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে রাশিয়া সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।