২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিয়েনআনমেনে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০১৩ সালের অক্টোবরে রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে এক প্রাণঘাতী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jun 2014, 02:00 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

অপর এক হামলাকারীকে আজীবন কারাদণ্ড ও আরো চারজনকে ৫ থেকে ২০ বছর মেয়াদী কারাবাসের সাজা দেয়া হয়েছে।

সোমবার এসব রায় দেয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই হামলায় তিয়েনআনমেন স্কয়ারের উত্তরাংশে একদল লোকের ওপর একটি চলন্ত গাড়ি উঠিয়ে দেয়া হয় এবং গাড়িটিতে বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলে দাঁড়ানো দুজন মানুষসহ গাড়ির তিন আরোহী নিহত এবং অপর ৪০ জন আহত হন।

এ ঘটনার জন্য ইসলামপন্থী জঙ্গিদের দায়ী করেছিল চীন সরকার।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দুজনের নাম প্রকাশ করা হয়েছে। নামগুলো থেকে তাদের চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শিনজিয়াংয়ের তুর্কিভাষী মুসলিম উইঘুর সম্প্রদায়ের লোক বলে মনে করা হচ্ছে।

উইঘুররা শিনজিয়াংয়ে পূর্ব তুর্কিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

এর আগে চীনের বিভিন্ন এলাকায় ছুরি ও বোমা হামলার জন্য উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে চীন।

মে মাসে শিনজিয়াংয়ের রাজধানী উরুমকির এক বাজারে এক আত্মঘাতী বোমা হামলায় ৩৯ জন নিহত হন।