২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি জঙ্গিদের প্রকাশ করা ছবিতে ‘গণহত্যা’

ইরাকের বিশাল এলাকা দখল করে নেয়া সুন্নি জঙ্গিরা অনলাইনে কিছু ছবি প্রকাশ করেছে তাতে তাদের যোদ্ধারা ইরাকি সেনাদের গণহারে হত্যা করছে বলে দেখা গেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 12:42 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

প্রকাশ করা ছবিগুলোতে ধরা পড়া সেনা সদস্যদের তাড়িয়ে নেয়ার দৃশ্য এবং “হত্যা” করার আগে ও পরে তাদের ট্রেঞ্চে শায়িত অবস্থায় দেখা গেছে।

ছবিগুলো বিশ্বাসযোগ্য এবং এগুলো দেশটির সালাহউদ্দিন প্রদেশে তোলা বলে ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র লেফট্যানান্ট জেনারেল কাসিম আল মুসাবি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

তবে ছবিগুলোতে যে দৃশ্য দেখানো হয়েছে তার বিশ্বাসযোগ্যতা নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি।

বিবিসি’র উত্তর ইরাক প্রতিনিধি জিম মুয়ির বলেছেন, আলোকচিত্রগুলো সত্যিকারের। সত্যিই তাই হলে তা হবে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক দখলের পর থেকে সবচেয়ে বড় নিষ্ঠুরতার ঘটনা। দি ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএল) এর আক্রমণাত্মক অভিযানের বিরুদ্ধে ইরাকি সরকার “পাল্টা হামলা চালিয়ে জয়” পাওয়ার দাবির মুখে এসব ছবি প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে আইএসআইএল’র পোস্ট করা বলে ধরে নেয়া এসব ছবিতে তিকরিতের একটি সেনাঘাঁটি জঙ্গিরা দখলে নেয়ার পর সেখানকার সেনাদের ভাগ্যে কী ঘটেছে তা প্রকাশ পেয়েছে। সম্ভবত আগের তোলা ভিডিও ফুটেজে কয়েকশত লোককে মার্চ করতে দেখা গেছে, এসব লোক স্পেইসার ঘাঁটিতে আত্মসমর্পণ করেছে বলে ফুটেজে ধারণকৃত বর্ণনায় দাবি করা হয়েছে। স্থিরচিত্রে দেখা গেছে, বিপুল সংখ্যক তরুণকে ট্রাকে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। চিত্রের নিচে ক্যাপশনে লেখা আছে, এদের মৃত্যুর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য ছবিতে সম্ভাব্য আইএসআইএল’র যোদ্ধাদের বন্দিদের ওপর গুলিবর্ষণ করতে দেখা গেছে। ইরাকি সেনাবাহিনীর কয়েশত শিয়া সদস্যকে পরিকল্পিত গণহত্যার এই নজির সংশ্লিষ্ট এলাকাজুড়ে ব্যাপক সাম্প্রদায়িক আবেগ সৃষ্টিতে ইন্ধন যোগাবে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে জঙ্গিরা মসুল ও তিকরিতের মতো ইরাকের প্রধান কয়েকটি শহর দখল করে নিয়েছে। তবে এরপর থেকে কয়েকটি ছোট শহর পুনর্দখল করেছে ইরাকি বাহিনী। এই সময়ই এসব ছবি প্রকাশ করা হল।