পাকিস্তানে বিমান হামলায় শতাধিক জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির সেনাবাহিনীর চালানো বিমান হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছেন বলে খবর এসেছে। জঙ্গিদের আটটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।
রোববার ভোররাতে এ হামলা চালানো হয় বলে পাকিস্তানের ডন পত্রিকার বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া।
প্রতিবেদনে দাবি করা হয়, করাচি বিমানবন্দর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচিত উজবেক নেতা আবু রেহমান এ হামলায় নিহত হয়েছেন।
রোববার ভোররাত আড়াইটায় হামলাটি শুরু হয়। উত্তর ওয়াজিরিস্তানের বোয়া ও দাত্তা খেল তেহশিল এলাকায় উজবেক জঙ্গিদের আটটি আস্তানা লক্ষ্য করে ব্যাপক আকাশ হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ জঙ্গি বিমানগুলো।
অভিযান শুরুর আগে শনিবার রাতে পাকিস্তানি সেনাবাহিনী উজবেক ওই জঙ্গিদের দেশত্যাগ অথবা অস্ত্র সমর্পণ করার চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছিল।
রোববারের এ হামলাকে গত ৮ জুন রাতে করাচি বিমানবন্দরে চালানো হামলার প্রতিশোধমূলক হামলা বলে দেখা হচ্ছে। বিমানবন্দরের ওই হামলায় হামলাকারী ১০ জঙ্গিসহ ৪০ জন নিহত ও ২০ জন আহত হন।
পাকিস্তান তালেবান ও আল কায়েদার সঙ্গে সম্পর্কিত উজবেক জঙ্গি গোষ্ঠী উভয়েই করাচি বিমানবন্দরে হামলার দায়িত্ব স্বীকার করেছে।
