থাইল্যান্ডে সান্ধ্য আইন প্রত্যাহার
সারাদেশে জারি করা সান্ধ্য আইন প্রত্যাহার করেছে থাইল্যান্ডের সামরিক জান্তা। মে মাসে দেশটির ক্ষমতা দখলের পর থেকে এই আইন জারি করে রেখেছিল তারা।
জান্তা সরকার প্রধান জেনারেল প্রেয়াথ চান-ওচা’র জারি করা, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ সান্ধ্য আইন ইতোমধ্যেই দেশের অধিকাংশ জায়গা থেকে উঠিয়ে নেয়া হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবারের এক টেলিভিশন ঘোষণায় দেশের বাকি অংশ থেকেও সান্ধ্য আইন উঠিয়ে নেয়ার কথা জানানো হয়।
ঘোষণায় বলা হয়, “পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবং পর্যটনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
বেসামরিক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরে টানা বিক্ষোভে থাইল্যান্ড রাজনৈতিকভাবে স্থবির হয়ে পড়েছিল। রাজনৈতিক অস্থিরতা চলাকালে অন্ততপক্ষে ২৮ জন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হন।
এ পরিস্থিতির সুযোগ নিয়ে ইংলাককে সরিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল প্রেয়াথ । নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
ক্ষমতা দখলের পরপরই এর বিরুদ্ধে প্রতিবাদরতদের বিরুদ্ধে ধরাপাকড় অভিযান শুরু করে জান্তা সরকার। জান্তাবিরোধী কয়েকশ’ বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর ভবিষ্যতে সাবধান থাকার হুঁশিয়ারি দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
বিনা খরচে বিশ্বকাপ ফুটবল উপভোগের সুযোগ করে দেয়াসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে “খুশি” করে তাদের মন জয়ের চেষ্টা করছে ক্ষমতা দখলকারী সামরিক সরকার।
