২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদের দিকে এগোচ্ছে বিদ্রোহীরা

সরকারি সেনারা পালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ইরাকের কিরকুক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি বাহিনী। উত্তর ইরাকের কয়েকটি শহরের দখল নেয়ার পর এখন রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে সুন্নি বিদ্রোহীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Jun 2014, 01:04 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

উদ্ভুত পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী নূরি আল মালিকির জরুরি অবস্থা জারির উদ্যোগ পার্লামেন্টে পর্যাপ্ত ভোটের অভাবে বিলম্বিত হচ্ছে। পার্লামেন্টে ৩২৫ এমপির অর্ধেকেরও কম ১২৮ জন সদস্য জরুরি অবস্থা জারির পক্ষে ভোট দিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়।

এদিকে আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি বিদ্রোহী গোষ্ঠী 'ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভেন্ট' (আইএসআইএল) মসুল দখল নেয়ার পর শহরে যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি চড়ে কুচকাওয়াজে অংশ নিয়েছে। দুইদিন আগে শহরের দখল নেয়ার সময় ইরাকি বাহিনী থেকে গাড়িগুলো ছিনিয়ে নিয়েছিল তারা।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, বিমান বাহিনী মসুলে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও বিমান থেকে গোলা নিক্ষেপ করেছে।

এছাড়া বিদ্রোহীরা রাজধানী বাগদাদের কাছাকাছি পৌঁছে গেছে বলে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বাগদাদে শিয়া মতাবলম্বী সাধারণ মানুষও সুন্নি বিদ্রোহীদের ঠেকাতে স্বেচ্ছাসেবী বাহিনীর গঠন করছে।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সেনাবাহিনী ‘পাশমার্গে’ সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মস্থান কিরকুক শহরে ইরাকি বাহিনীর একটি ঘাঁটির দখল নিয়েছে। সেখান থেকে পালিয়ে গেছে বাগদাদের সেনারা। 

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

পাশমার্গের একজন মুখপাত্র বলেন, “পুরো কিরকুক শহর এখন পাশমার্গের নিয়ন্ত্রণে এসেছে। কিরকুকে এখন কোনো ইরাকি সেনা নেই।

গত মঙ্গলবার একেরে পর এক আক্রমাণ শানিয়ে কালো পোশাকধারী আইএসআইএল সেনারা মসুল ও তিকরিত শহরের দখল নেয়।

বাগদাদের উত্তরাঞ্চলে আরো কয়েকটি শহরেরও দখল নিয়েছে তারা। বাগদাদ থেকে মাত্র ৯০ কিলোমিটার উত্তরে উধাইম শহরটি এখন সুন্নি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা জানিয়েছে। সেখানকার অধিকাংশ সেনা সদস্য এখন পাশ্ববর্তী খালিস শহরে অবস্থান করছেন।

উধাইমের একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা সহযোগী বাহিনীর অপেক্ষায় আছি। বিদ্রোহীদেরকে ঠেকিয়ে দেয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সন্ত্রাসীরা বাগদাদের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী একমাত্র সড়কটি কেটে বিচ্ছিন্ন করে দিতে পারে বলে আমরা আশঙ্কা করছি।"