২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে যুদ্ধে যৌন সহিংসতা বিষয়ক সম্মেলন

প্রত্যেক দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে যৌন সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য এই সম্মেলনে লিখিত আবেদন জানানো হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jun 2014, 03:19 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ ও জাতিসংঘের বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির উদ্যোগে যুদ্ধে যৌন সহিংসতা বিষয়ক চারদিনের সম্মেলন লন্ডনে শুরু হচ্ছে।

মঙ্গলবার শুরু হতে যাওয়া এই আয়োজনের নাম দেয়া হয়েছে, ‘গ্লোবাল সামিট টু এন্ড সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট’।

যুদ্ধে যৌন সহিংসতা বন্ধ করার আবেদন জানিয়ে এ বিষয়ে মানুষকে সজাগ করার উদ্দেশ্যে দুই বছর ধরে প্রচার-প্রচারণা চালানোর পর এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বৈঠকে বিশ্বের ১৪০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

প্রতিনিধিদের মধ্যে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা এবং এনজিও প্রতিনিধিরা থাকবেন।

ওই দেশগুলোর প্রতিনিধিদের কাছে নিজ নিজ দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে যৌন সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য লিখিত আবেদন জানাবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হগ।

ফেব্রুয়ারিতে এই অয়োজনের কথা ঘোষণা করার সময় হগ বলেছিলেন, “যুদ্ধে যৌন সহিংসতার বিষয়ে সব পুরুষের লজ্জিত হওয়া উচিত।”

যুদ্ধ, হানাহানিতে যৌন সহিংসতা বিষয়ে এ পর্যন্ত এটিই সবচেয়ে বড় সম্মেলন।

দুই দশক আগে বসনিয়া যুদ্ধ চলাকালে ৫০ হাজার নারী ধর্ষিত হলেও কেউ বিচার পাননি।

যুদ্ধ থেকে নারীর প্রতি যৌন সহিংসতার অংশকে পৃথক করে একে বন্ধ করার পদক্ষেপ নেয়ার এটিই উপযুক্ত সময় বলে মনে করেন বৈঠকটির উদ্যোক্তারা।