পাকিস্তান-ইরান সীমান্তে আত্মঘাতী হামলায় নিহত ২৪
বেলুচিস্তানে পাকিস্তান-ইরান সীমান্তে দুটি বোমা হামলায় অন্ততপক্ষে ২৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববারে রাতে এসব হামলা চালানো হয় বলে বেলুচিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ডন ডটকম।
নিহতদের মধ্যে ৪ জন হামলাকারী সন্ত্রাসীও রয়েছেন।
বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হুসেন দুররানি জানিয়েছেন, ১০টি বাসে ইরান থেকে শিয়া পূণ্যার্থীরা পাকিস্তানে প্রবেশ করার পর তাফতানে এ হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, “পূণ্যার্থীবাহী বাসগুলো একটি হোটেলের বাইরে দাঁড়ানোর পর বিস্ফোরণ দুটি ঘটানো হয়। ওই হোটেলে পূণ্যার্থীদের রাতে থাকার কথা ছিল।”
বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলি করা হয় বলে জানিয়েছেন তিনি। মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত সুন্নি বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী জায়শুল ইসলাম এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
