২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমানের সন্ধান পেতে তহবিল সংগ্রহ

নিখোঁজ মালয়েশিয়ান বিমানের অবস্থান সম্পর্কে সঠিক তথ্যদাতাকে পুরস্কৃত করতে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিমানটির আরোহীদের স্বজনরা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 01:31 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

অন্তত ৫০ লাখ ডলার পুরস্কার দেয়ার জন্য ইতোমধ্যেই তহবিল সংগ্রহ শুরু করেছেন একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিক ইথানা হান্ট; যার স্বজন নিখোঁজ ওই বিমানটিতে ছিলেন।

রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই পদক্ষেপটির নাম দেয়া হয়েছে ‘রিওয়ার্ড এমএইচ৩৭০’। তহবিল সংগ্রহের জন্য ইন্ডিয়েগোগো (Indiegogo) নামের একটি ওয়েব সাইট চালু করা হয়েছে।

কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যায়। স্যাটেলাইটে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কর্মকর্তারা বলেছিলেন, অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

কিন্তু এলাকাটিতে অনুসন্ধান চালিয়ে বিমানের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। অত্যাধুনিক তরঙ্গ প্রযুক্তির মাধ্যমে মহাসাগরের তলদেশে বিমানের ব্ল্যাকবক্সের থাকার লক্ষণও পেয়েছিলেন বিজ্ঞানীরা।

বিমানের খোঁজে বিশ্বের বহুদেশের যৌথ অংশগ্রহণে চালানো ইতিহাসের ব্যায়বহুল অভিযান চালানো হলেও এর ফলাফল শূন্য।

বরং বিমানটি ‘জ্ঞাতসারেই’ গন্তব্যস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠার পর সঠিক তথ্যদাতাকে পুরস্কার দেয়ার উদ্যোগ নিয়েছেন স্বজনরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বজনরা জানান, বিমানের বিষয়ে সঠিক তথ্যদাতাকে উৎসাহিত করতে এই ব্যবস্থা। তথ্যদাতাদের জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।

বিমানটির ভাগ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও বিমানের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তথ্য গোপন করছে বলে অভিযোগ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ।

এছাড়া ভিয়েতনাম সাগরের কাছাকাছি কোনো স্থানে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সেনাবাহিনীর যৌথ মহড়ার সময় বিমানটি গুলি করে ফেলে দেয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যভিত্তিক অ্যাংলো-আমেরিকান সাংবাদিক নাইজেল ক্যাথর্ন।