মুক্ত মার্কিন সেনার পরিবারকে হত্যার হুমকি
পাঁচ তালেবান নেতার মুক্তির বিনিময়ে ছাড়া পাওয়া যুক্তরাষ্ট্রের সেনা বোয়ি বার্গডালের পরিবারকে হত্যার হুমকি দিয়ে একের পর এক ইমেইল করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ওই ইমেইল আসার পর যুক্তরাষ্ট্রের পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। এছাড়া বোয়ির পরিবারের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
হুমকি দিয়ে পাঠানো চারটি ইমেইল খতিয়ে দেখা হচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ।
আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে তালেবানদের হাতে ধরা পড়ার পর প্রায় পাঁচ বছর বন্দি জীবন কাটিয়েছেন বোয়ি। প্রেসিডেন্ট ওবামার ইচ্ছা ও মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মধ্যস্থতায় সম্প্রতি মুক্তি পান তিনি।
বন্দি বিনিময়ের শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারে বন্দি তালেবানের পাঁচ শীর্ষ নেতাকেও মুক্তি দেয়া হয়েছে।
এদিকে মুক্ত ওই সেনা সদস্য সার্জেন্ট বোয়ি বার্গডাল তালেবান জঙ্গিদের হাতে বন্দি হওয়া এবং কংগ্রেসের অনুমোদন না নিয়েই পাঁচ তালেবানের মুক্তির বিনিময়ে তাকে ছাড়িয়ে আনা নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে। তালেবানদের মুক্তি দেয়ার ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে সমালোচকদের অভিযোগ।
গত বৃহস্পতিবার বোয়ির নিজ এলাকায় তার মুক্তিলাভের ঘটনা উদযাপনে আয়োজিত এক আনন্দ র্যালিও বিতর্কের কারণে স্থগিত করা হয়।
যুক্তরাষ্ট্রে নিউ ইংল্যান্ড অঙ্গরাজ্যের ইদাহো শহরের পুলিশ প্রধান জিপ গুন্টার রয়টার্সকে বলেন, হত্যার হুমকি দিয়ে পাঠানো ইমেইল বার্তাগুলো তদন্ত করে দেখার জন্য এফবিআই’র কাছে স্থানান্তর করা হয়েছে। এছাড়া বোয়ি ও তার স্ত্রী জেনির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
