পা ছুঁতে নিষেধ করলেন মোদি
ভারতীয় জনতা পার্টির (বিজেপি)এমপিদের তার নিজের ও পার্টির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের পা ছুঁয়ে সালাম করতে নিষেধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজেপি’র লোকসভা সদস্যদের এক বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় তিনি এমপিদের আরো কিছু পরামর্শ দেন।
শনিবার ভারতীয় লোকসভার প্রধান মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে বিশেষ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
লোকসভার সরকার দলীয় নেতা মোদি তার দলীয় সদস্যদের লোকসভায় কিছু বলার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর কথা বলার ওপর জোর দিয়েছেন বলে জানা গেছে। দলীয় দৃষ্টিভঙ্গীর সঙ্গে যেন বিরোধ না করে এবং কথায় যেন বিরোধিতার আভাস না থাকে সেজন্য “সঠিক দৃষ্টিভঙ্গীতে” বক্তব্য তুলে ধরতে বলেছেন তিনি।
