২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারি দুর্বল নারী: পুতিন

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি রডহাম ক্লিন্টনকে একজন ‘দুর্বল’ নারী বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার ডেমক্রেট পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারির কাছ থেকে এখন পর্যন্ত কোনো আকর্ষণীয় কোন বক্তব্য পাননি বলে দাবি করেছেন তিনি।

চলতি বছরের মার্চে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার তী্ব্র বাগযুদ্ধ চলার সময় পুতিনকে জার্মানির হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন হিলারি।

‘ব্রিটেনের দি ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকায় বলা হয়, সম্প্রতি হিলারির ওই মন্তব্য নিয়ে পুতিনের মন্তব্য জানতে চান ফ্রান্সের কিছু সাংবাদিক।

জবাবে পুতিন বলেন, “মেয়েদের সঙ্গে যুক্তিতর্কে না যাওয়াই ভাল। তবে হিলারির বক্তব্যে আকর্ষণীয় তেমন কিছু নেই।”

“মানুষ যখন তার সীমানা অনেক দূর বিস্তৃত করে, সেটা তার বলিষ্ঠতার কারণে করে এমন নয়, দুর্বলতার কারণেও করে। তবে সম্ভবত দুর্বলতা একজন নারীর সবচেয়ে নেতিবাচক গুণ নয়।”

যুক্তরাষ্ট্রের এযাবৎকালের সবচেয়ে প্রভাবশালী নারীদের অন্যতম হিলারি। ফোর্বস ম্যাগাজিনের জরিপেও বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে তার অবস্থান।

যুক্তরাষ্ট্রের এক সময়কার এই ফার্স্ট লেডি ওবামা প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখার কাজে ব্যস্ত ছিলেন দীর্ঘদিন।

আসন্ন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রার্থী হওয়ার জোর সম্ভাবনাও রয়েছে।

তবে মঙ্গলবার রাশিয়ার সোচিতে ফ্রান্সের রেডিও ইউরো ওয়ান এবং টেলিভিশন টিএফ ওয়ানকে দেয়া সাক্ষাতকারে পুতিন হিলারির বিরুদ্ধে মুখ খোলেন। হিলারি ‘নারী’ উল্লেখ করে তার সম্পর্কে বেশি কথা বলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিন মাস আগে অর্থাৎ মার্চে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল উত্তোলন অনুষ্ঠানে ইউক্রেইনে পুতিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হিলারি। সেখানেই পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নাজিনেতা হিটলারের সঙ্গে তুলনা করেন তিনি।

পরে অবশ্য ওই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন হিলারি। পুতিনকে হিটলারের সঙ্গে সরাসরি তুলনা না করে বরং সাবেক সোভিয়েত অঞ্চলগুলোতে পুতিনের নতুন করে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা দিকে ইঙ্গিত করেছেন বলে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি।

তবে তখনও পুতিনকে পাতলা চামরার আবরণে ঢাকা কঠোর মানুষ বলে কটূক্তি করেন হিলারি।

ফ্রান্সের সাংবাদিকরা হিলারির এমন কটূক্তি নিয়েও প্রশ্ন করেন পুতিনকে। ওই মন্তব্য পুতিন কী উত্তেজিত হয়েছিলেন নাকি তা নিয়ে হাসাহাসি করেছিলেন এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের।

এধরনের মন্তব্য নিয়ে মাঝেমধ্যে হাসাহাসি হয়। কিন্তু হিলারির ওই কট্টর মন্তব্য প্রমাণ করে তাদের যুক্তি দিয়ে বলার মতো তেমন কোনো কথা নেই। যুক্তরাষ্ট্রই নিজেদের স্বার্থরক্ষায় কঠিন নীতিগুলোর অনুসরণ করে থাকে।

ইউক্রেইন সীমান্তে রুশ সৈন্য সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের অব্যাহত সমালোচনার জবাবও দেন পুতিন।

রাশিয়ার কোনো সৈন্য বিদেশের মাটিতে অবস্থান করছে না দাবি করে তিনি বলেন, বরং যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবিরতভাবে নিজ সীমান্ত থেকে হাজার হাজার দূরে গিয়ে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পৃথিবীর সর্বত্রই।

“নিজ দেশ থেকে হাজার হাজার মাইল দূরেও বিভিন্ন দেশের কার্যক্রমে হস্তক্ষেপ করে থাকে যুক্তরাষ্ট্রের সৈন্যরা। সুতরাং এ নিয়ে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে কথা তোলা নিছক বিদ্রুপ ছাড়া আর কিছু নয়।” বলেন পুতিন।