২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউক্রেইনে তীব্র লড়াই, পালাচ্ছে বাসিন্দারা

পূর্ব ইউক্রেইনে কামান ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রুশপন্থি বিদ্রোহীদের দমনে ‘সন্ত্রাস বিরোধী অভিযান’ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jun 2014, 11:27 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

দুই পক্ষের মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় স্লোভিয়ানস্ক ও এর আশপাশের শহরগুলো থেকে জীবন রক্ষায় বাসিন্দারা পালিয়ে যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় অন্তত ৩শ’ জনকে হত্যা করা হয়েছে বলে কিয়েভ প্রশাসন বুধবার দাবি করেছে।
স্লোভিয়ানস্ক অঞ্চলের স্বায়ত্বশাসন ঘোষণা করা নেতারা হতাহতের এ খবর নাকচ করেছেন। তারা সরকারি বাহিনীর বিরুদ্ধে জোরালো প্রতিরোধ লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার শহরের উপকণ্ঠ থেকে কামানের গোলার শব্দ শোনা গেছে এবং কয়েকটি স্থান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় কিছু কিছু এলাকা থেকে আতঙ্কে অনেক বাসিন্দাকে সামান্য আসবাবপত্র নিয়েই তারকাঁটার সূক্ষ্ম তল্লাশি চৌকি অতিক্রম করে পালিয়ে যেতে দেখা যায়।

তল্লাশি কেন্দ্রের কাছে কিছু বাসিন্দা বলেন, “আমরা জরুরি কিছু জিনিসপত্র নিয়েই যাত্রা করেছি। আমরা চলে যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। আমাদেরকে রাশিয়ায় পাড়ি জমাতে হবে। কারণ ইউক্রেইন যে ছাড়তে হচ্ছে এটা এখন পরিস্কার। এখানে আমরা ভালো কিছু দেখছি না।”

সরকারি বাহিনীর এক কর্মকর্তা জানান, স্লোভিয়ানস্কে হেলিকপ্টার, যুদ্ধবিমান ও কামান নিয়ে সরকারি অভিযান শুরুর পর দুইজন সেনা নিহত এবং অন্তত ৪৫ জন আহত হয়েছে।

স্বঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিকের প্রধানমন্ত্রীর অ্যালেক্সান্দর বোরোডি ইন্টারফ্যাক্সকে জানান, “৩০০ লোক নিহত হওয়ার কথা সঠিক নয়। আমাদের চেয়ে ইউক্রেইনের ক্ষয়ক্ষতি বেশি।

দোনেস্ক ও স্লাভিয়ানস্ক শহরে বিচ্ছিন্নতাবাদীরা অচিরেই নিজস্ব বাহিনী ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের নিয়ে অভিযানে নামবে বলেও জানান অ্যালেক্সান্দর।