২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় বহু মানুষ নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্নো রাজ্যের কয়েকটি গ্রামে বোকো হারাম জঙ্গিদের হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:30 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বিবিসির খবরে বলা হয়, নাইজেরীয় পার্লামেন্টের স্থানীয় এক সদস্য এ হামলার খবর নিশ্চিত করে জানিয়েছেন, আরো অন্ততপক্ষে পাঁচটি গ্রামে হামলা চালানো হয়েছে।

ক্যামেরুন সীমান্তের কাছের এসব গ্রামের একটি আত্তাগারা। এই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তিরা তাদের একটি গির্জা প্রাঙ্গণে প্রবেশ করার আদেশ দেয়।

তারা জানান, তারা ভেবেছিলেন লোকগুলো নাইজেরীয় সেনাবাহিনীর সদস্য।

প্রত্যক্ষদর্শী একজন জানান, গির্জা প্রাঙ্গণে প্রবেশ করার পর ভিড় লক্ষ করে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে ওই ব্যক্তিরা।

স্থানীয় পার্লামেন্ট সদস্য পিটার বিয়ি জানিয়েছেন, ওই এলাকায় এ ধরনের বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে এবং এসব হামলায় বহু বাড়িঘর ধ্বংস হয়েছে।

এদিকে মঙ্গলবার নাইজেরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম, সেনাবাহিনীর ১০ জন জেনারেল ও অপর পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তা বোকো হারামকে সহায়তা করার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মকর্তারা কোর্ট মার্শালের মুখোমুখি হয়েছেন এবং জঙ্গি গোষ্ঠীটিকে অস্ত্র ও তথ্য সরবরাহ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

অবশ্য দেশটির সেনাবাহিনী, তাদের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বোকো হারামকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে এমন তথ্য অস্বীকার করেছে।

সেনা মুখপাত্র মেজর জেনারেল ক্রিস ওলুকোলাদি প্রকাশিত প্রতিবেদনের প্রতিটি অংশ প্রত্যাখ্যান করেছেন। এসব প্রতিবেদনকে মিথ্যা ও তা “নাইজেরীয় সেনাবাহিনীর ভাবমূর্তিকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে করা হয়েছে” বলে অভিযোগ করেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেছেন, “নাইজেরীয় সেনাবাহিনীর কোনো জেনারেলের বিরুদ্ধে কোনো ধরনের বিচার অনুষ্ঠিত হচ্ছে না।”

এসব সত্বেও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্বা মোরো বলেছেন, “সেনাবাহিনী একজন অভিযুক্তকে শনাক্ত করেছে, এটি একটি ভালো সংবাদ, এটি কর্মরত অন্যান্য কর্মকর্তাদের কাছে কঠোর একটি বার্তা পাঠাবে।”

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে রক্তাক্ত হামলা-লড়াই চালিয়ে আসছে বোকো হারাম। মে মাসে দেশটির ওই অঞ্চল থেকে ২০০ স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে জঙ্গি গোষ্ঠীটি।