সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে
গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় কড়া নিরাপত্তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদসহ তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার সিরিয়ার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা জানিয়েছে বিবিসি।
তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে বিদ্রোহীদের পরাজয়ের মুখে এই প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয়েছে। এই গৃহযুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত ও ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
নির্বাচনে প্রেসিডেন্ট আসাদ ছাড়া অপর যে দুজন প্রার্থী রয়েছেন তারা হলেন সংসদ সদস্য মাহির আব্দুল হাফিজ হাজ্বার ও সংসদ সদস্য হাসান আবদুল্লাহ আল নুরি।
তবে প্রেসিডেন্ট আসাদ আগামী সাত বছরের জন্য তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
আসাদ সরকারের সমালোচকরা এই নির্বাচনকে “ধোঁকাবাজি” বলে বর্ণনা করেছেন।
কয়েক দশকের মধ্যে এবারই প্রথম ব্যালট পেপারে তিনজন প্রার্থীর নাম থাকছে। এর আগে সরকারি উদ্যোগে আসাদ পরিবারের একজন প্রার্থীর নামে গণভোট অনুষ্ঠিত হলেও নির্বাচন হয়নি। এবার দেশটির সংবিধান সংশোধন করে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর রাজধানী দামেস্কর বিভিন্ন এলাকা থেকে প্রার্থীদের পোস্টার, ব্যানার সরিয়ে নেয় কর্মীরা।
প্রধানমন্ত্রী ওয়ায়েল আল হালকি নির্বাচনের দিনটিকে সিরিয়ার জন্য “ঐতিহাসিক” বলে বর্ণনা করে বলেছেন, “নির্বাচনে ব্যাপকভাবে ভোট দিয়ে সিরিয়ার জনগণ বিশ্বের কাছে প্রমাণ করবে তারা দৃঢ়ভাবে নির্বাচন প্রক্রিয়াকে সফল করার সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি সিরীয়দের প্রতি এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন যিনি দেশের “নিরাপত্তা নিশ্চিত করতে ও দেশকে স্থিতিশীল করতে পারবেন এবং দেশকে জাতীয়ভাবে আবার একতাবদ্ধ করতে পারবেন।”
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশ ও বিদেশে মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৫৮ লাখ বলে জানিয়েছে।
ভোট গ্রহণের জন্য সারা দেশে ৯৬০০টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে।
শুধু সরকারি বাহিনী অধিকৃত এলাকাতেই ভোট গ্রহণ করা হচ্ছে। বিদ্রোহীদের দখলকৃত বা লড়াই চলছে এমন এলাকায় ভোট গ্রহণ করা হচ্ছে না।
রাজধানী দামেস্কের বাইরে অনেক এলাকায়ই ভোট কেন্দ্রে বিদ্রোহীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা বিরাজ করছে।
পশ্চিমা শক্তিগুলো সমর্থিত সিরিয়ার সরকারবিরোধী ন্যাশনাল কোয়ালিশন ভোট বর্জন করার ডাক দিয়েছে, আর বিদ্রোহীরা ভোট গ্রহণ বাধাগ্রস্ত করার হুমকি দিয়েছে।
