গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন
প্রায় তিন বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ার প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সরকারি উদ্যোগে একজন প্রার্থীর অংশগ্রহণে গণভোট অনুষ্ঠিত হলেও নির্বাচন হয়নি। এবার দেশটির সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদসহ তিনজন প্রার্থী রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা গেছে।
প্রেসিডেন্ট নির্বাচনে তিনজন প্রার্থী হলেন, বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ, আলেপ্পো থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহির আব্দুল হাফিজ হাজ্বার ও দামেস্ক থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসান আবদুল্লাহ আল নুরি।
কিছুদিন আগেও প্রেসিডেন্ট আসাদের শত্রুরা ভেবেছিলেন, তিনি শেষ হয়ে গিয়েছেন।
২০১২’র গ্রীষ্মকালে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিলেন, আসাদের বাহিনীকে চেপে ধরেছিলেন তারা।
সিরিয়ার বিশাল অংশ বিদ্রোহীদের হাতে চলে গিয়েছিল। একের পর এক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোর পতন ঘটছিল। সারাদেশে অল্প সংখ্যক কিন্তু পরীক্ষিত কয়েকটি সেনাদল শুধু আসাদকে রক্ষার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
কিন্তু পরিস্থিতি এখন পুরোপুরিই পাল্টে গেছে। সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে মধ্যপন্থী অংশকে সামরিক সহায়তা ও প্রশিক্ষণ দেয়ার ঘোষণা দেয়া যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ব্যক্তিগতভাবে স্বীকার করছেন, আসাদ কোথাও যাচ্ছেন না, সিরিয়াতেই থাকছেন।
প্রতিবেশী ইরান ও লেবাননের হেজবুল্লাহ গেরিলাদের প্রত্যক্ষ সহায়তায় ২০১৩ সাল থেকে বিদ্রোহীদের পরাজিত করতে শুরু করে আসাদ বাহিনী। চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে বিদ্রোহীদের প্রায় পর্যুদস্ত করে ফেলেছে আসাদ বাহিনী।
প্রায় সব গুরুত্বপূর্ণ শহর ও দেশের অধিকাংশ এলাকা এখন তাদের দখলে।
আর এ সময়ই নিজের ক্ষমতা আরো পাকাপোক্ত করার জন্য সিরিয়ায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করেছে দেশটির সরকার। আর এ নির্বাচনে প্রেসিডেন্ট আসাদের জয় হবে বলেই ধারণা করছেন পর্যবেক্ষকরা।
