মোদি সরকারের ফেইসবুক পাতায় ১৬ লাখ ‘লাইক’
ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পাতা খোলার চারদিনের মধ্যে ১১ লাখেরও বেশি ‘লাইক’ পড়েছে। তবে ইতোমধ্যে সেটি ১৬ লাখে গিয়ে ঠেকেছে।
পাতাটির কভার ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দপ্তরে কাজ করছেন।
সোমবার এ খবর জানিয়েছে এনডিটিভি।
প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করায় আগ্রহী দক্ষ একজন মানুষ।
পাতাটিতে নতুন প্রধানমন্ত্রী মোদিকে বিশিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন এমন ছবিসহ বেশ কয়েকটি ছবি দেয়া হয়েছে।
ছবিগুলো বাদে ‘বিশ্ব তামাক মুক্ত দিবসে’ দেয়া মোদির বার্তাও পাতাটিতে দেয়া হয়েছে। এই বার্তাটিতে কয়েকশত মন্তব্য ও পরামর্শসহ কয়েক হাজার ‘লাইক’ পড়েছে।
এসব মন্তব্যের একটিতে তামাকজাত পণ্যের ওপর উচ্চ কর বসিয়ে মূল্য বৃদ্ধির মাধ্যমে এর ব্যবহার হ্রাস করার পরামর্শ দিয়েছেন এক ফেইসবুক ব্যবহারকারী। অপর একজন জনসমাগম স্থলে ধূমপান নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন।
এক ট্যুইটে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, “চালু করার পর থেকে পরবর্তী চারদিনে প্রধামন্ত্রীর দপ্তরের দাপ্তরিক ফেইসবুক পাতাটির লাইক দশ লাখ ছাড়িয়ে গেছে।”
ভারতীয় প্রধানমন্ত্রী দপ্তরের ট্যুইটার একাউন্টের অনুসারীর সংখ্যাও উল্লেখযোগ্য, প্রায় ১৪ লাখ।
জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষায় মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিরলসভাবে ব্যবহার করেন। তিনি চান তার মন্ত্রিসভার সদস্যরাও তার মতো নিরলসভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করুক।
