২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ সুবিধা চান না প্রিয়াঙ্কা গান্ধী

বিমানবন্দরে নিজের পরিবারের জন্য প্রাপ্ত বিশেষ সুবিধা প্রত্যাহার করার জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) বরাবর একটি চিঠি পাঠিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 02:14 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

এসপিজি ভারতীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখভাল করে।

প্রিয়াঙ্কা ও তার স্বামী রবার্ট ভদ্র বর্তমানে ভিআইপিদের একটি তালিকায় আছেন, যার বলে তারা ভারতের অভ্যন্তরীণ রুটে ভ্রমণের সময় নিরাপত্তা তল্লাশি ছাড়াই চলাচল করতে পারেন।

শুক্রবার এনডিটিভি জানিয়েছে, ভারতের কংগ্রেস দলীয় সভাপতি সোনিয়া গান্ধীর কন্যা ৪২ বছর বয়সী প্রিয়াঙ্কা এসপিজি প্রধান দুর্গা প্রাসাদের কাছে পাঠানো একটি চিঠিতে জানিয়েছেন, তিনি ও তার স্বামী বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হবে এমন সাধারণ পথ ব্যবহার করবেন।

চিঠিতে প্রিয়াঙ্কা বলেছেন, “যেহেতু সরকার ভদ্রের নাম প্রত্যাহার করার কথা বিবেচনা করছে বলে শুনতে পাচ্ছি, আমি আপনাকে জানাতে চাচ্ছি, আমি অনুভব করছি যখন আমরা পুরো পরিবার একসঙ্গে ভ্রমণ করছি তখন নিরাপত্তা তল্লাশি ছাড়াই আমি ও আমার সন্তানরা বিমানবন্দরে প্রবেশ করবো ও বের হবো, এ বিষয়টি আমার সন্তান বা আমার জন্য ভালো হবে না।”

চিঠিতে প্রিয়াঙ্কা বিশেষভাবে জানান, তিনি ও তার স্বামী যখন একত্রে ভ্রমণ করবেন তখন তার স্বামীকে এই সুবিধা দেয়া হোক এটি তাদের অনুরোধ নয়, বরং যত দ্রুত সম্ভব বিশেষ এই সুবিধা উঠিয়ে নেয়ার অনুরোধ জানাচ্ছেন তিনি।

চিঠিতে আরো বলা হয়, ভদ্র যখন একা ভ্রমণ করবেন তখন তাকে পুরো তল্লাশির ভিতর দিয়ে যেতে হবে, আর অন্যসময় তিনি ছাড় পাবেন, এটা তার জন্য বিব্রতকর।

তিনি বলেন, “আপনাকে এটি নিশ্চিত করার অনুরোধ করছি আমরা যখন বোর্ডিং গেট পার হয়ে ঢুকবো বা বের হব তখন যাত্রীদের যেন কোনো সমস্যা না হয়, আরো অনুরোধ করছি নিরাপত্তার দায়িত্বে নিযুক্তরা যেন সতর্কভাবে ও বিচক্ষণতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন।”

শুক্রবার বিজেপি সরকারের নতুন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী অশোক গজপতি রাজু পুষ্পপতিকে রবার্ট ভদ্র ভিআইপি তালিকায় থাকবেন কিনা এবং বিমানবন্দরে তল্লাশি ছাড় পাবেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “নিরাপত্তা আলঙ্কারিক না হয়ে অর্থপূর্ণ হওয়া্ উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো হুমকি উপলব্ধি করছে কিনা তার ওপর এটি নির্ভর করছে, আর আমি ভদ্র সম্পর্কে কোনো কথা বলছি না, বিষয়টি দেখতে হবে আমাদের।”