২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টা নিরাপত্তা পাবেন মোদির স্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনসঙ্গী হিসাবে সেভেন-রেইস কোর্স রোডের সরকারি বাসভবনে না উঠলেও ২৪ ঘণ্টা পুলিশী নিরাপত্তা পাবেন তার স্ত্রী যশোদাবাঈ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পরিবারের কোনো সদস্য ছাড়াই সরকারি বাসভবনে উঠে নতুন আরেক রেকর্ড গড়তে চলেছেন নরেন্দ্র মোদি। তার আগে কোনো প্রধানমন্ত্রীই যা করেনি।

মোদির স্ত্রী যশোদাবাঈ উত্তর গুজরাটের মহাসেনায় ঈশ্বরবাদ গ্রামে দুই ভাইয়ের সঙ্গে বাস করছেন।

১৯৬৮ সালে বিয়ের পর কয়েক মাসের মধ্যেই আলাদা বসবাস শুরু করেন মোদি ও যশোদাবাঈ। বিয়ের সময় দুজনেরই বয়স ছিল বিশ বছরের কম।

এখন মোদি গুজরাট থেকে দিল্লির মসনদে বসার পর তার স্ত্রী হিসাবে যশোদাবাঈ পাবেন সার্বক্ষণিক বিশেষ নিরাপত্তা।

তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন চারজন সশস্ত্র পুলিশ। তার বাড়ির আশপাশ পাহারা দেয়ার জন্য বরাদ্দ করা হয়েছে একটি টহলগাড়ি। এছাড়া একজন কনস্টেবল সার্বক্ষণিকভাবে তার পাশে থাকবেন।

ভারতের সদ্য সাবেক ও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের জন্য গঠিত ‘স্পেশাল প্রোটেকশান গ্রুপ’ বা (এসপিজি) এর নীতি অনুসারে, নিরাপত্তার আওতায় পড়েন যশোদাবাঈ। কারণ এসপিজি প্রাধানমন্ত্রী, তার স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের নিরাপত্তা দিয়ে থাকে।

প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেয়ার আগেই উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তা আইএএনএসকে জানিয়েছিলেন, মোদির মা হিরাবেন, স্ত্রী যশোদাবাঈ এসপিজি নিরাপত্তা পাবেন। তবে তার তিন ভাই ও দুই বোন পাবেন জেড ক্যাটাগরির পুলিশী নিরাপত্তা।

রাজনীতিতে অবিবাহিত হিসেবেই পরিচিত ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। তবে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে গুজরাটের বডদোরা থেকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় হলফনামায় প্রথম স্ত্রী হিসাবে যশোদাবাঈয়ের নাম উল্লেখ করেন তিনি।

এরপরই যশোদাবাঈয়ের সঙ্গে মোদির বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ পেতে থাকে। বিয়ের কিছুদিন পর থেকে ঘরছাড়া থাকলেও নির্বাচনে মোদির জয় প্রার্থনা করেন যশোদাবাঈ।

মোদির সঙ্গে সরকারি বাসভবনে ওঠার ইচ্ছাও আছে বলে জানিয়েছেন যশোদাবাঈ।মোদি তাকে প্রকাশ্যে স্বীকৃতি দেয়ায় তিনি খুবই খুশী হয়েছেন বলে জানান।