রাশিয়া সেনা প্রত্যাহার করেছে: যুক্তরাষ্ট্র
ইউক্রেইন সীমান্ত থেকে রাশিয়া বেশির ভাগ সেনাই প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা। যদিও ৭ ব্যাটেলিয়নের কয়েক হাজার সেনা এখনো সেখানে রয়েছে।
রাশিয়ার এ সেনা প্রত্যাহারকে খুবই শুভ লক্ষণ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। তবে সীমান্তে অবস্থারত বাদবাকী সেনাও রাশিয়ার সরিয়ে নেয়া দরকার বলে শুক্রবার মন্তব্য করেন তিনি।
এক প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “বেশির ভাগ সেনাই চলে গেছে। তবে সাতটি ব্যাটেলিয়ন রয়ে গেছে”।
কতজন সেনা চলে গেছে সে সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারেননি ওই কর্মকতা। তবে কয়েক হাজার সেনা এখনো সীমান্তে আছে বলে জানান তিনি।
ইউক্রেইন সীমান্তে ৪০ হাজার রুশ সেনা আছে বলে আগে এক হিসাবে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এই সেনাদের সীমান্ত থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছিল ওয়াশিংটন।
সাংবাদিকদের হেগেল বলেন, “আমরা জানি হাজার হাজার রুশ সেনা প্রত্যাহার হচ্ছে এবং চলে যাচ্ছে। কিন্তু আমরা এটাও জানি যে, এখনো সীমান্তে রয়ে গেছে হাজার হাজার সেনা। তাদেরকে এখনো সরিয়ে নেয়া শুরু হয়নি”।
