২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউক্রেইনে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ১৪

পূর্ব ইউক্রেইনের স্লোভিয়ানস্ক শহরের কাছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা গুলি করে একটি সামরিক বিমান ভূপাতিত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 04:32 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

এতে এক জেনারেলসহ হেলিকপ্টরটির ১৪ আরোহীর সবাই নিহত হয়েছে বলে পার্লামেন্টে জানিয়েছেন ইউক্রেইনের বিদায়ী প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ।

তিনি বলেন, “আমি এইমাত্র খবর পেলাম যে, স্লোভিয়ানস্কের কাছে সন্ত্রাসীরা রাশিয়ার তৈরি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের হেলিকপ্টার ভূপাতিত করেছে। ওই হেলিকপ্টারে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ছিলেন। নিহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন জেনারেলও আছেন”।

স্লোভিয়ানস্কে সম্প্রতি কয়েক সপ্তাহে বিচ্ছিন্নতাবাদী এবং সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে।

বিবিসি জানায়, স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোর্স্ক এর মধ্যে প্রচণ্ড লড়াই চলাকালে হেলিকপ্টার ভূপাতিত হয়। সেনাদেরকে একটি সামরিক ঘাঁটিতে নামিয়ে দেয়ার পরই হেলিকপ্টারটি বিচ্ছিন্নতাবাদীদের হামলা শিকার হয় বলে খবর পাওয়া গেছে।


নবনির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো পূর্ব ইউক্রেইনে বিদ্রোহ সামাল দেয়ার অঙ্গীকার করেছেন। ‘খুনি’ এবং ‘দুর্বৃত্তদের’ কঠোরভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন তিনি।

গত রোববার পোরোসেনকো ইউক্রেইনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পূর্বাঞ্চলে লড়াই-সংঘর্ষ বেড়েছে। গত সোমবার দোনেস্ক এ বিমানবন্দর দখলের লড়াইয়ে বিচ্ছিন্নতাবাদীরা ১শ’ যোদ্ধাকে হারিয়েছে বলে জানিয়েছে।

এরপরই বৃহস্পতিবার হেলিকপ্টার ভূপাতিত হওয়ার এ ঘটনা ইউক্রেইনের সেনাবাহিনীর জন্য একটি বড় ধাক্কা বলেই মন্তব্য করেছেন সংবাদদাতারা। নিহত জেনারেল শেরহি কুচিৎস্কি ইউক্রেইনের ন্যাশনাল গার্ড এর বিশেষ প্রশিক্ষণ এবং যুদ্ধাভিযানের প্রধান ছিলেন।

স্লোভিয়ানস্কসহ আরো কয়েকটি অঞ্চলে লড়াই-সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে দোনেস্ক এর কাছে একটি তল্লাশিকেন্দ্রে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ১৪ ইউক্রেনীয় সেনা নিহত হয়।

তাছাড়া, এ মাসের শুরুর দিকে বিচ্ছিন্নতাবাদীরা স্লোভিয়ানস্কের কাছে আরো দুটো সামরিক হেলিকপ্টার ভূপাতিত করে। এতে পাইলটসহ এক সেনা নিহত হয়।