২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস বিরোধী যুদ্ধে ৫শ’কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ‘টেররিজম পার্টনারশিপ ফান্ড’ হিসাবে বিশ্বের দেশগুলোকে ৫শ’ কোটি ডলার তহবিল সহায়তার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 11:14 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে সন্ত্রাস মোকাবেলায় এই অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে।

নিউ ইয়র্কে ওয়েস্ট পয়েন্টের মিলিটারি একাডেমিতে দেয়া বক্তব্যে ওবামা এ পরিকল্পনা ঘোষণা করেন। একইসঙ্গে বিদেশে মিত্রদের সঙ্গে ‘সমন্বিত উদ্যোগের’ ভিত্তিতে নতুন একটি মার্কিন বৈদেশিক নীতি পরিচালনারও প্রতিশ্রুতি দেন তিনি।

ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এখনো নেতৃত্বের সারিতেই থাকবে। তবে অতীতের ক্ষতিকারক ভুলগুলোকে এড়িয়ে চলবে।

বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধে তহবিল সহায়তার ঘোষণা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরো বেশি শত্রু তৈরি করা উচিত না।

সন্ত্রাসবিরোধী তহবিলের যোগানের ব্যাপারে ওবামা বলেন, এ বছরের শেষ দিকে আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘটলে আমরা অন্য যে কোনো জায়গায় নতুন সন্ত্রাসের হুমকি সামাল দেয়ার মতো সম্পদ পেয়ে যাব। অন্যান্য দেশগুলোকে উগ্রবাদীদের বিরুদ্ধে লড়তে ৫শ কোটি ডলারের মতো নতুন তহবিল যোগানো সম্ভব হবে।

এ অর্থ ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ মিশনসহ সোমালিয়ায় বহুজাতিক বাহিনীর শান্তিরক্ষা কার্যক্রম, লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণে ইউরোপীয়দের মিত্রদের সঙ্গে কাজ চালাতে এবং মালিতে ফ্রান্সের অভিযান পরিচালনার কাজে ব্যয় হবে।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে নবযুগের সূচনা উল্লেখ করে ওবামা বলেন, সেনা প্রত্যাহর করে তাদেরকে অন্যত্র মোতায়েনের মাধ্যমে সন্ত্রাসবাদের পরবর্তী হুমকি মোকাবেলায় আরো ভালোভাবে মনোনিবেশ করা যাবে।

সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর কথা বলেন ওবামা। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ওবামা তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচকদের সমালোচনারও জবাব দেন। তিনি বলেন, “তারা প্রায়ই বহুজাতিক তৎপরতার কার্যকারিতাকে খাটো করে দেখে। তাদের কাছে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করা কিংবা আন্তর্জাতিক আইনকে সম্মান দেখানোটা দুর্বলতার লক্ষণ। আমি মনে করি তাদের এ ধারণা ভুল”। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ধারণাটি আরো স্পষ্ট করে তুলে ধরার চেষ্টায় ওবামা বলেন, কেবল প্রয়োজনের সময়ই সামরিক শক্তি ব্যবহার করা আর প্রাথমিক পর্যায়ে আন্তর্জাতিক ঐকমত্যের ভিত্তিতে কাজ করাটাই হবে তার দেশের নীতি। সম্মিলিত উদ্যোগই সফল এবং টেকসই হওয়ার সম্ভাবনা বেশি এবং এতে মারাত্মক ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে বলে মন্তব্য করেন ওবামা।