২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে গণবিচারে ৫৫ উইঘুরের সাজা

চীনের সিনঝিয়াং প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিচ্ছিন্নতাবাদ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে ৫৫ উইঘুরকে গণবিচার করে সাজা দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 10:04 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

এদের তিনজনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। অন্যদের সাজার ব্যাপারে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। বিচার সংক্রান্ত কয়েকটি ছবি প্রকাশ করা হলেও এর বিস্তারিত জানা যায়নি বলে খবরে উল্লেখ করা হয়।

চীনের বিভিন্ন স্থানে সম্প্রতি অকস্মিক আক্রমণ ও হামলায় বেশ কিছু মানুষ হতাহতের ঘটনায় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয় প্রশাসন।

দেশজুড়ে ক্রমবর্ধমান সহিংস হামলার জন্য উইঘুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে আসছে সরকার।

সম্প্রতি সিনঝিয়াং প্রদেশের উরুমচিতে পর পর বিস্ফোরিত হওয়া পাঁচটি আত্মঘাতী বোমায় অন্তত ৩৯ জন নিহত হওয়ার পর এ ধরনের বিচার করা হল।

সাজাপ্রাপ্তরা ওই অঞ্চলের উইঘুর মুসলিম। একটি স্টেডিয়ামের ভেতর সাত হাজার লোকের উপস্থিতিতে তাদের সাজার রায় ঘোষণা করা হয়।