আফগানিস্তানে আকস্মিক সফরে ওবামা
আকস্মিক সফরে বাগরাম বিমান ঘাঁটি পরিদর্শন করতে আফগানিস্তানে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
আফগান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মরণ দিবসের একদিন আগে রোববার ওবামা এ সফরে যান। প্রায় ১৩ বছরের আফগানিস্তান যুদ্ধ শেষে মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সিরিয়া, ইউক্রেইন এবং রাশিয়া সঙ্কট সামাল দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির অসাঢ়তা নিয়ে সমালোচনার মধ্যেই ওবামা আফগানিস্তানে এ সফরে গেলেন।
আফগানিস্তানে এটি ওবামার চতুর্থ সফর। কয়েক ঘণ্টার এ সফরে ওবামা সেনাদের সঙ্গে কথা বলা ছাড়াও আহত সেনাদের দেখতে হাসপাতালে যাবেন।
আফগান রাজধানী কাবুল পরিদর্শন কিংবা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা ওবামার নেই।
