মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না জয়ললিতা
ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসাবে বিজেপি নেতা নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তামিলনাডুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা।
এনডিটিভির খবরে বলা হয়, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের সরকার প্রধানদের আমন্ত্রণের অংশ হিসেবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে তিনি অনুষ্ঠান বর্জন করবেন। মোদির শপথ অনুষ্ঠানে রাজাপাকসে যোগ দেবেন বলে আগেই নিশ্চিত করেছেন।
ইতোপূর্বে লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের জন্য মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন জয়ললিতা। মোদি সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাওয়ার কথাও বলেছিলেন বিজেপি’র সাবেক এই রাজনৈতিক মিত্র। তবে মোদির শপথ অনুষ্ঠানে জয়ললিতা নিজে না যাওয়ার পাশাপাশি তামিলনাডু রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে কোনো প্রতিনিধিও পাঠাবে না বলে জানিয়েছে।
ইতোপূর্বে মুখ্যমন্ত্রী হিসেবে মোদির শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জয়ললিতা। তামিলনাডুতে জয়ললিতার শপথ অনুষ্ঠানেও গিয়েছিলেন মোদি।
তবে লোকসভা নির্বাচনে ৩৭টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে থাকা জয়ললিতা প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ গ্রহণের অনুষ্ঠানে অনুপস্থিতেই থাকছেন।
তামিলনাডুতে বিজেপি’র জোটসঙ্গী এমডিএমকে’র পক্ষ থেকেও মোদির ওই উদ্যোগের সমালোচনা করা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে নিমন্ত্রণের ফলে তামিলনাডুর জনগণ ব্যথিত হয়েছে বলে দাবি দলটির।
শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তামিল টাইগারের পক্ষে রয়েছে ভারতের তামিলনাডু রাজ্যের অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণ। এলটিটিই ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে চলা যুদ্ধের সময় তমিলদের বিরুদ্ধে সরকার মানবাধিকার লংঘন করেছে বলে অভিযোগ তাদের।
২০১৬ সালে তামিলনাডু রাজ্যসভা নির্বাচন। তার আগে শ্রীলঙ্কার তামিল ইস্যুটি সেখানে খুবই স্পর্শকাতর বিষয়।
