২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট হবে মোদির মন্ত্রিসভা

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ নেয়ার একদিন আগে তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জির কাছে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 03:24 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

সোমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে মোদির সঙ্গে শপথ নিতে যাওয়া এ মন্ত্রিসভার আকার ছোট হবে, এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র জানিয়েছে, রাজনাথ সিং, অরুণ জেটলি, নিতিন গড়কারি, সুষমা স্বরাজ, অরুণ সুরি, রবি শঙ্কর প্রাসাদের মতো বিজেপি’র জ্যেষ্ঠ নেতারা মন্ত্রিসভার স্থান পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজেপি’র জ্যেষ্ঠ নেতারা থাকছেন বলে যেমন ধারণা করা হচ্ছে তেমনি বিজেপি’র নির্বাচনী মিত্রদের কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ওই সূত্র।

এসব মিত্রদলের মধ্যে শিবসেনা, চন্দ্রবাবু নাইডু’র তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টির নেতারা নির্বাচনে ভাল ফল করার সুবাদে মন্ত্রীসভায় স্থান পাওয়ার আশা করছেন।

তবে পাঞ্জাব রাজ্যে বিজেপি’র নির্বাচনী মিত্র আকালি দল জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারে যোগ দিচ্ছেন না তারা।

নিজের দলের সাংসদদের মন্ত্রিসভায় নেওয়ার বিষয়ে মোদি ও বিজেপি’র অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করতে নাইডু রোববার দিল্লিতে গেছেন। নিজ দলের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তত চারটি আসন চায় টিডিপি।

শপথ নেয়ার পর মোদি প্রশাসনকে ঢেলে সাজাবেন বলেও মনে করা হচ্ছে। এর মধ্যে সরকারের কাজে গতি আনতে কয়েকটি মন্ত্রণালয়কে একত্র করে একটি মন্ত্রণালয়ের অধীনে আনবেন বলে জানা গেছে।

মন্ত্রীসভার সদস্যদের চূড়ান্ত করতে শনিবার মোদি দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক কয়েকটি বৈঠক করেছেন।

সদ্য সমাপ্ত ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি ভূমিধস বিজয় পেয়েছে। পালার্মেন্টের ৫৪৫টি আসনের মধ্যে বিজেপি ২৮২টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আর জোটগতভাবে ২৯টি মিত্রদলের সঙ্গে মিলে ৩৩৬টি আসনে জয়ী হয়েছে।