সোমালিয়ায় পার্লামেন্টে জঙ্গি হামলায় ১০ পুলিশ নিহত
সোমালিয়ার পার্লামেন্ট ভবনে আল শাবাব জঙ্গিদের হামলায় অন্তত ১০ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার সুরক্ষিত পার্লামেন্ট ভবনের প্রবেশ মুখে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরু হয়। এর পরপরই শাবাব জঙ্গিদের আত্মঘাতী দল বোমার বিস্ফোরণ ঘটাতে থাকে।
তৃতীয় ধাপে পার্লামেন্টের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে আল শাবাব জঙ্গিদের বন্দুকযুদ্ধ শুরু হয় যা চলতে থাকে কয়েক ঘণ্টা।
পুলিশের মুখপাত্র কাশিম আহমেদ রবেল সাংবাদিকদের বলেন, হামলায় সরকারি বাহিনী ১০ সদস্য নিহত ও অপর ১৪ জন আহত হয়েছেন। আইনপ্রণেতাদেরও কায়েকজন আহত হয়েছেন। হামলাকারীদেরও সাতজন সদস্য নিহত হয়েছেন।
এদিকে জঙ্গিদের ওই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ওই হামলা মূলত: ‘সোমালিযার জনগনের বিরুদ্ধে’ বলে মন্তব্য করেছেন সোমালিয়ায় জাতিসংঘের বিশেষ দূত নিকোলাস কে।
এক বছর আগে কেনিয়ার একটি বিপণিবিতান দর্শণার্থীদেরকে কয়েকদিন ধরে জিম্মি করে রাখে আল শাবাব। তাদের হামলায় সেখানে ৬৭ জনের মৃত্যু হয়েছিল।
আল শাবাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করা হয়েছে।
জঙ্গিদের মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব বলেন, “তথাকথিত পার্লামেন্ট ভবনের ভেতরে আত্মঘাতী হামলা, বিস্ফোরণ ও তুমুল সংঘর্ষে আমাদের হাত আছে। সেখানে এখনো সংঘর্ষ চলছে।”
তিনি আরো বলেন, ‘যোদ্ধারা’ আফ্রিকান ইউনিয়ন ও তথাকথিত সোমালিয়া সরকারের ৩০ সেনাকে হত্যা করেছে।”
তবে জঙ্গি সংগঠনটির ওই দাবি নিরেপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
সোমালিয়ার প্রেসিডেন্ট ভবন থেকে ৩০০ মিটার দূরে পার্লামেন্ট ভবনটি অবস্থিত। আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
দুই বছর আগে মোগাদিসু থেকে বিতাড়িত হলেও আল শাবাব জঙ্গিরা এখনো নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রাজধানীতে হামলা চালানোর সক্ষমতা দেখাচ্ছে।
