ফোনে হুমকি দিয়ে অর্থ আদায়, মার্কিন কর কর্তৃপক্ষের উদ্বেগ
আইন-শৃঙ্খলাবাহিনী ও ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ মুসলিম অভিবাসীদের কাছ থেকে টেলিফোনে বকেয়া কর আদায়ের কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেই চলেছে।
গত বছরের অক্টোবর থেকে এ বছরের মার্চ পর্যন্ত ট্রেজারি ইন্সপেক্টর জেনারেল ফল ট্যাক্সপেয়ার অ্যাডমিনিস্ট্রেশন (টিগটা) প্রায় ২০ হাজার ব্যক্তিকে টেলিফোনে হুমকি দেয়ার অভিযোগ পেয়েছে।
পরে টিগটা মহাপরিদর্শক জে রাসেল জর্জ এ ধরনের প্রতারকচক্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন।
সর্বশেষ গত ২০ এপ্রিল টিগটার আরেকটি সতর্কবার্তায় জানানো হয়, বকেয়া করের জন্যে আইআরএস কখনোই কাউকে টেলিফোন করে গ্রেপ্তারের হুমকি দেয় না। প্রচলিত রীতি অনুযায়ী আইআরএস ডাকযোগে চিঠি দেয় এবং সেই চিঠিতে কর্মকর্তাদের টেলিফোন নম্বর থাকে। তাই কাউকে এ ধরনের টেলিফোনে সাড়া না দেয়ার আহ্বান জানানো হচ্ছে।
গত ২১ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিনিধিসহ শতাধিক বাংলাদেশি এ ধরনের টেলিফোন পেয়েছেন।
ফোন ধরার পরই বলা হয়, ফেডারেল ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ফোন করা হয়েছে।
এরপর কর কর্মকর্তা হিসেবে নিজের নাম এবং ট্যাক্স ডিপার্টমেন্টের ব্যাজ নম্বর উল্লেখ করেন তিনি। এমনকি যাকে ফোন করা হয় তার সোস্যাল সিকিউরিটি নম্বরের শেষ ৪ ডিজিটও জানানো হয়।
এরপরই বকেয়া করের পরিমাণ উল্লেখ করে বলা হয়, বকেয়া করের জন্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দ্রুত কর পরিশোধ করা না হলে ওই ব্যক্তির বাসায় পুলিশ হাজির হবে।
এমন টেলিফোন পেয়ে ভড়কে গিয়ে কেউ অর্থ পরিশোধে আগ্রহ দেখালে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের নম্বরসহ যাবতীয় তথ্য দিতে হয় অথবা নিকটস্থ কোনো অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানে গিয়ে টেলিফোনকারীর দেয়া ঠিকানায় পাঠাতে হয়।
এ প্রতিনিধির টেলিফোনে একটি বার্তা সংরক্ষতি আছে, যাতে একটি ফোন নম্বর রয়েছে।
ওই নম্বরে টেলিফোন করলে এক ব্যক্তি নিজেকে ওয়াশিংটন ডিসি ফেডারেল ট্যাক্স অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বলেন, বকেয়া কর আদায়ের জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
এরপর কোনো কর বকেয়া নেই এবং সাংবাদিক পরিচয় জানালে ওই ব্যক্তি লাইন কেটে দেন।
গত ২১ মে ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, নিউজার্সি, টেক্সাস, কানেকটিকাট এবং পেনসিলভেনিয়ার শতাধিক বাংলাদেশি এ ধরনের টেলিফোন পেয়েছেন বলে জানা গেছে।
এর আগে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ‘ঠিকানায়’ এ ধরনের প্রতারক চক্রের হুমকিতে পাঁচ শতাধিক বাংলাদেশি কয়েক লাখ ডলার খুইয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়।
এ ধরনের ফোন পেলে আইআরএস ও টিগটাকে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।
