নাইজেরিয়ায় জোড়া বোমায় নিহত শতাধিক
নাইজেরিয়ার জোসে শহরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১৬২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৪৫ জন।
স্থানীয় সময় মঙ্গলবার বিকালে নগরীর ব্যস্ততম এলাকায় আধা ঘণ্টার ব্যবধানে দুই দফায় এ বিস্ফোরণ ঘটে।
এ হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন।
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে এটা জঙ্গি গোষ্ঠী বোকো হারামের কাজ বলে সন্দেহ করা হচ্ছে।
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলজুড়ে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।
গত ১৪ এপ্রিল উত্তরপূর্বাঞ্চলীয় চিবোক গ্রাম থেকে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে নতুন করে বিশ্বজুড়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছে বোকো হারাম। অপহৃত ছাত্রীদের উদ্ধারে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
নাইজেরিয়ার মধ্যঞ্চলীয় শহর জোসের বাণিজ্যিক কেন্দ্র তারমিনাসের একটি হাসপাতালের সামনে বিস্ফোরণস্থলে ১০টি লাশ পড়ে থাকতে দেখেন রয়টার্সের এক প্রতিবেদক।
