২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিং: চীনে মার্কিন দূতকে তলব

সাইবার-গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে চীনা সামরিক বাহিনীর পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করার প্রতিবাদে বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে চীন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 06:13 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, সোমবার রাতে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝেং ঝিগুয়াং মার্কিন রাষ্ট্রদূত ম্যাক্স বাওকাসকে ডেকে পাঠান।

ওই দিনই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে চীনা সামরিক কর্মকর্তার বিরুদ্ধে বেসরকারি মার্কিন কোম্পানিগুলোতে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরির অভিযোগ আনা হয়।

মার্কিন কৌঁসুলিরা বলেছেন, হ্যাকিং এর মাধ্যমে ওই কর্মকর্তারা গোপন বাণিজ্যিক তথ্যসহ পাঁচটি কোম্পানি এবং একটি শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ বেশ কিছু দলিল চুরি করেছেন।

এর প্রতিবাদ জানিয়ে ঝেং ঝিগুয়াং বলেন, “যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালা মারাত্মকভাবে ভঙ্গ করেছে। অতিরঞ্জিত তথ্য দিয়ে এবং চীনা সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ করে যুক্তরাষ্ট্র সাইবার নিরাপত্তা নিয়ে দু’দেশের সহযোগিতায় ফাটল ধরিয়েছে এবং পাষ্পরিক স্পর্ককে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে”।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের তীব্র নিন্দাও জানায় চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র উল্টো চীনসহ অন্যান্য দেশের বিরুদ্ধে সাইবার গোয়েন্দাগিরি করে থাকে অভিযোগ করে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, চীনের বিরুদ্ধে তাদের এমন অভিযোগ এক ধরনের দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ।

হ্যাকিংকাণ্ডে জড়িতরা চীনের পিপলস লিবারেশন আর্মির থার্ড ডিপার্টমেন্টের ৬১৩৯৮ ইউনিটের কর্মকর্তা ওয়াং ডং, সুন কাইলিয়াং, ওয়েন সিনয়ু, হুয়াং ঝেনিউ এবং গু চুনহুই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত কয়েক বছরে চীন হ্যাকিং চালিয়েছে। এতে মার্কিন কোম্পানিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং উত্তোরত্তোর আরো কোম্পানি এমন হ্যাকিং এর শিকার হয়ে থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এর কর্মকর্তারা।

পুরনো খবর:

চীনের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ যুক্তরাষ্ট্রের