মোদি শপথ নেবেন ২৬ মে: রাজনাথ
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ২৬ মে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট রাজনাথ সিং।
মঙ্গলবার সাংবাদিকদের কাছে মোদির শপথ গ্রহণের এ তারিখ ঘোষণা করেন রাজনাথ।
ওদিকে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকের পর মোদিও জানিয়েছেন, তাকে ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী হিসাবে ২৬ মে শপথ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
সাংবাদিকদেরকে তিনি বলেন, “রাষ্ট্রপতি আমাকে একটি চিঠি দিয়েছেন.... শপথ গ্রহণ অনুষ্ঠান হবে (রাষ্ট্রপতি ভবনে) ২৬ মে সন্ধ্যা ৬ টায়”। ঊর্ধ্বতন মন্ত্রীরাও একইসঙ্গে রাষ্ট্রপতি প্রাসাদের এ অনুষ্ঠানে শপথ নেবেন বলে মনে করা হচ্ছে।
মোদি এর আগে মঙ্গলবারই বিজেপি’র পার্লামেন্টারি বোর্ড মিটিংয়ে পার্লামেন্টারি দলের নেতা নির্বাচিত হয়েছেন।
বিজেপি’র নবনির্বাচিত এমপি’রা মোদিকে নেতা নির্বাচিত করতে পার্লামেন্ট হাউজের বৈঠকে বসেন।
মোদির নাম প্রস্তাব করেন বিজেপি’র ঊর্ধ্বতন নেতা লালকৃষ্ণ আদভানি। তিনি বলেন, “দলের সংসদীয় নেতা হিসেবে আমি গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করছি।”
দলের সবাই একে একে এ প্রস্তাব সমর্থন করে মোদিকে তাদের নেতা হিসেবে বরণ করে নেন।
নেতা নির্বাচিত হওয়ার পর আবেগঘন এক বক্তৃতায় মোদি বলেন, দায়িত্ব নেয়ার সময় শুরু হল। পার্লামেন্টের সেন্ট্রাল হলে সমবেত বিজেপির নতুন এমপি ও অন্যান্য নেতার উদ্দেশে মোদি বলেন, আশা এবং ভরসার ভোটেই বিজেপি লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়ে এসেছে।
দেশে গরিবদের জন্য কাজ করে যাওয়ার মতো একটি সরকারই হওয়া উচিত এবং নতুন সরকার গরিবদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মোদি। তিনি বলেন, জয়ের আনন্দোল্লাস চলতে থাকবে। কিন্তু সঙ্গে সঙ্গে দায়িত্ব পালনের সময়ও শুরু হয়ে গেছে।
সরকার গঠনের বিষয়টি নিয়ে মোদি ও দলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবারই রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন। এ সময় রাষ্ট্রপতি মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নাম প্রস্তাব করারও অনুরোধ জানান। রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয় পাওয়ায় কোনো জোট সঙ্গী ছাড়াই সরকার পরিচালনা করতে সক্ষম দলটি।
