২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির বড় চ্যালেঞ্জ মন্ত্রিসভা সাজানো

ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে এখন বড় চ্যালেঞ্জ মন্ত্রিসভা সাজানো। মন্ত্রিসভায় কাকে কাকে নেয়া হবে সে তালিকা চূড়ান্ত করা এবং বিশেষ করে অর্থমন্ত্রী কাকে করা হবে সে সিদ্ধান্ত নেয়াটাই এ মুহূর্তে তার সবচে গুরুত্বপূর্ণ কাজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 05:13 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার আগেই মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত করে ফেলতে চান মোদি। সেকারণে ঘনিষ্ঠ সহযোগী এবং উপদেষ্টাদের সঙ্গে রোববার থেকেই আলোচনা শুরু করেছেন তিনি।

নির্বাচনে বিপুল বিজয়ের দুদিন পেরোলেও মোদির মন্ত্রিসভায় কাদেরকে নেয়া হবে এমনকী প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব কাকে কাকে দেয়া হবে সেটি এখনো স্পষ্ট নয়।

এবারের লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)৫৪৩ আসনের মধ্যে ৩৩৬ টি আসন জেতায় ভারতে আর জোট সরকার হচ্ছে না।

নতুন মন্ত্রিসভায় অরুন জেটলি কে অর্থমন্ত্রীর পদ দেবেন কিনা সেটিই মোদির জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

জেটলির রাজনৈতিক উত্থান বিজেপির ছাত্র রাজনীতি থেকে, তার ভাবমূর্তি স্বচ্ছ এবং তিনি শিল্পমহলের বন্ধু ও সংস্কারপন্থী হলেও লোকসভা নির্বাচনী দৌড়ে হেরেছেন। ফলে এটি জেটলির নেতিবাচক একটি দিক।

তারপরও জেটলির প্রশাসনিক দক্ষতা এবং সাবেক বাণিজ্যমন্ত্রী হিসাবে তার অভিজ্ঞতার কারণে তাকে অর্থমন্ত্রী পদে তাকে আনার সম্ভাবনা বাড়ছে। তবে জেটলির পাশাপাশি অর্থমন্ত্রী পদে ভাবনায় আরো আছে, যশবন্ত সিন্হা, অরুণ শৌরীর নামও।

বিজেপি’র দলীয় সূত্র মতে, মন্ত্রিসভা চূড়ান্ত করাটা এক সুবিশাল প্রক্রিয়া। বহু সাংসদ এবার জিতে এসেছেন। দেশের বিভিন্ন প্রান্তের যথাযথ প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় রাখতে হবে মোদিকে।

একটি রাজ্য থেকে একাধিক সাংসদ জিতে আসায় নতুন না পুরোনো কোন মুখকে মন্দ্রিসভায় ঠাঁই দেয়া হবে তা স্থির করাটাও মোদির জন্য কঠিন হবে। তাছাড়া, মন্ত্রিসভায় নানা জাতি-ধর্মের প্রতিনিধিত্ব রাখার বিষয়টিও বিবেচনায় নিতে হবে তাকে।

মঙ্গলবারের বৈঠকের আগে মন্ত্রিসভার ঊর্ধ্বতন পদগুলো কারা পাচ্ছেন তা জানা যাবে না বলেই জানিয়েছেন বিজেপি’র এক উর্ধ্বতন নেতা।

মোদিকে প্রথমেই স্থির করতে হবে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ মন্ত্রণালয়ে কাদের সামিল করবেন সেটি।

সুষমা স্বরাজ বিপুল ভোটে জিতে আসায় তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিতেই হবে। একসময় পররাষ্ট্রমন্ত্রণালয়ের জন্য সুষমাকে ভাবা হলেও গত কয়েক বছর ধরে তার প্রতি সুষমার মনোভাবের কথাও মোদিকে মাথায় রাখতে হচ্ছে। সুষমার বদলে অন্য কেউ পররাষ্ট্রমন্ত্রী হলে মোদির সুবিধা। আর সুষমা নিজেও পররাষ্ট্রমন্ত্রণালয় নিতে অনিচ্ছুক।

মোদি বারবাই বলছেন, এ বারেই প্রথম স্বাধীন দেশে জন্মানো কোনও ব্যক্তি প্রধানমন্ত্রী হতে চলেছেন। ফলে তার মন্ত্রিসভাতেও এক ঝাঁক নতুন মুখ থাকা অসম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

মোদি প্রধানমন্ত্রী পদে ২১ মে শপথ নেবেন বলে এর আগে খবর পাওয়া গেলেও ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, ওইদিন রাজীব গান্ধীর মৃত্যুদিন। মোদি চান, শপথ অনুষ্ঠানে সোনিয়া, রাহুল গান্ধীও উপস্থিত থাকুন। ফলে ২১ তারিখে তারা থাকতে রাজি হলে সেক্ষেত্রে তিনি ওই দিন শপথ নেবেন। আর তা না হলে ২২ কিংবা ২৩ মে তেও শপথ হতে পারে।