‘বোকো হারামকে নিষিদ্ধের আবেদন করবে নাইজেরিয়া’
ইসলামী জঙ্গি গোষ্ঠি বোকো হারামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করার প্রস্তুতি নিয়েছে নাইজেরিয়া।
শনিবার পশ্চিমা কূটনীতিকদের একটি সূত্র একথা জানিয়েছেন।
ওই সূত্র বলেছেন, “বোকো হারামের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশে নীতিগতভাবে রাজি হয়েছে নাইজেরিয়া।”
ওই সূত্র আরো জানিয়েছেন, সম্ভাব্য নিষেধাজ্ঞা জারির বিষয়টি পরীক্ষা করে দেখার আগে নাইজেরিয়াকে এ বিষয়ে অনুরোধ জানাতে হবে।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে বর্তমানে নাইজেরিয়াও আছে। পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে পাঁচটি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স স্থায়ী সদস্য, আর নাইজেরিয়াসহ বাকী ১০টি দেশ অস্থায়ী সদস্য।
শেষ খবর পাওয়া পর্যন্ত পর্যন্ত বোকো হারামের সঙ্গে লড়াই নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার ব্যাপারে কোনো কিছু জানায়নি নাইজেরিয়া।
কট্টর ইসলামপন্থী বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি শরিয়া ভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহী লড়াই চালিয়ে আসছে গোষ্ঠিটি।
সাম্প্রতিক বছরগুলোতে গোষ্ঠিটির হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
গত মাসে দেশটির উল্লেখিত অঞ্চল থেকে ২শ’ ২৩ জন নারী স্কুলশিক্ষর্থীকে তুলে নিয়ে যায় বোকো হারাম। জিম্মি এসব স্কুল শিক্ষার্থীর মুক্তির বিনিময়ে কারাগারে আটক গোষ্ঠিটির সদস্যদের মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছিল বোকো হারাম। কিন্তু নাইজেরীয় সরকার তা প্রত্যাখান করেছে।
ওই স্কুল শিক্ষার্থীদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও নাইজেরীয় সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছে।
