মোদিকে অভিনন্দন নয়: লালুপ্রসাদ
ভোটে জিতে প্রধানমন্ত্রী হতে চললেও লালু প্রসাদ যাদবের অভিনন্দনবার্তা পাচ্ছেন না নরেন্দ্র মোদি।
বিজেপি নেতার বিষয়ে বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান আগের অবস্থানেই রয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।
ষোড়শ লোকসভা নির্বাচনে শুক্রবার বিকাল পর্যন্ত ঘোষিত ফলাফলেই স্পষ্ট হয়ে যায়, নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি অর্থাৎ প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি।
এর পর বিভিন্ন দলের নেতারা মোদিকে আভিনন্দন জানালে লালু প্রসাদ যাদব এনডিভিকে বলেন, “আমি মোদিকে অভিনন্দন জানাতে পারব না। আমি অতটা সুবিধাবাদী নই।”
লালুর আগেই তামিলনাড়ুর এডিএমকে নেত্রী জয়ললিতা জয়ের জন্য মোদিকে অভিনন্দন জানান। পরবর্তী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান অরবিন্দ কেজরিওয়ালও।
তবে এর মধ্যেও মোদির প্রতি নরম ভাব আসেনি কংগ্রেসের রাজনৈতিক মিত্র লালুপ্রসাদের, যিনি বিহার ছাড়িয়ে সর্বভারতীয় রাজনীতিতে পরিচিত মুখ।
লোকসভার নির্বাচনী প্রচারের সময়ও মোদির সমালোচনামুখর ছিলেন লালুপ্রসাদ। এক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে ‘কসাই’ বললে লালু প্রসাদ বলেন, বিজেপি নেতার চেয়ে কসাইও ভাল।
গুজরাট দাঙ্গার জন্য মোদিকে দায়ী করে লালু প্রসাদ বলেছিলেন, “মোদির কাণ্ডে কসাইও লজ্জা পাবে, আর এই ধরনের ব্যক্তি হবে ভারতের প্রধানমন্ত্রী?”
এবারের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ে ডুবেছে লালু প্রসাদের দল আরজেডি। লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী ও মেয়ে মিসা ভারতী দুজনই প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন।
দুর্নীতির মামলায় সাজা হওয়ায় ভোটের লড়াইয়ে নামতে পারেননি লালুপ্রসাদ যাদব।
