২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক চমক জয়ললিতার

লোকসভায় বিজেপির একক বিজয় আর ক্ষমতাসীন কংগ্রেসের শোচনীয় পরাজয়ের মধ্যে আঞ্চলিক পর্যায়ে আরেক চমক সৃষ্টি করেছেন জয়ললিতার দল এআইএডিএমকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শুক্রবার ঘোষিত ফলাফলে তামিলনাডুর অন্যসব দল এমনকি কংগ্রেসকেও দৃশ্যপট থেকে দূরে সরিয়ে রাজ্যের ৩৯ আসনের ৩৭টির দখল নিয়েছেন জয়ললিতা। আসন সংখ্যার বিচারে তার দল এআইএডিএমকে এখন ভারতের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি।

লোকসভায় ভারত জুড়ে ঢেউ তুললেও তামিলনাডুতে দুইটি আসন পেয়েছে বিজেপি; যে দলটির এক সময়কার জোটসঙ্গী ছিলেন জয়ললিতা।

এছাড়া রাজ্যের প্রধান বিরোধী দল ও কংগ্রেসের রাজনৈতিক মিত্র দল ডিএমকে লোকসভা নির্বাচনে তামিলনাডু থেকে শূন্য হাতে ফিরে গেছে।

ভারতের দ্য হিন্দু পত্রিকার খবরে বলা হয়, ফলাফল ঠিক থাকলে লোকসভা নির্বাচনের দৌড়ে বিজেপি ও কংগ্রেসের পর নিখিলভারতের তৃতীয় অবস্থানে চলে এসেছে জয়ললিতার দল।  

এক সময়ের চলচ্চিত্র তারকা জয়ললিতা সাংবাদিকদের বলেন, কোনো জোট-সঙ্গী ছাড়াই তার দলের এই জয় ঐতিহাসিক, অপ্রতিদ্বন্দ্বী এবং অভূতপূর্ব। বিজয়ের জন্য ভোটারদেকে ধন্যবাদ জানান তিনি।

হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানিয়ে জয়ললিতা তার সরকারের সঙ্গে কাজ করার কথাও বলেন তিনি।

“আমরা এখন ভারতের তৃতীয় বৃহত্তম দল। রাজনৈতিক দায় দায়িত্ব অনুযায়ী কাজ করে যাব আমরা।” বলেন জয় ললিতা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তামিলনাডুতে এআইএডিএমকে পেয়েছে ৪৪ দশমিক ৪ শতাংশ ভোট। আর ডিএমকে পেয়েছে ২৩ দশমিক এক শতাংশ ভোট।

কংগ্রেসের এক নেতা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে বলেন, লোকসভা নির্বাচনে কংগ্রেস এবারই প্রথম তামিলনাডু থেকে খালি হাতে ফিরছে। একটি আসনও জিততে পারেনি।

শুক্রবার ফল গণনা শুরু হওয়ার পর বেলা একটা নাগাদ ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩৩৪টি আসনে, যার মধ্যে বিজেপি একাই এগিয়ে রয়েছে ২৮০টি আসনে।

আর গত ১০ বছর ধরে ভারতের শাসনে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সর্বশেষ খবর পর্যন্ত পেয়েছে মাত্র ৬৫টি আসন। এরমধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ৫২টি আসন। লোকসভা নির্বাচনে ৩৭টি আসন পাওয়া এআইএডিএমকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তৃতীয় অবস্থানে রয়েছে।