মোদিকে মনমোহনের অভিনন্দন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশটির লোকসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়ে দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
দেশটির লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিশাল বিজয়ের পথে রয়েছে। বিজেপির এই জয়ে নেতৃত্ব দিয়েছেন মোদি।
শুক্রবার মনমোহন টেলিফোনে মোদিকে এই অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী মনমোহনের কার্যালয় থেকে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে এ খবর জানানো হয়।
মোদি বর্তমানে গুজরাটের নিজ শহর গান্ধিনগরে অবস্থান করছেন।
লোকসভা নির্বাচনে এই জয়ের ফলে নরেন্দ্র মোদিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং-এর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
শনিবার দুপুরে মনমোহন পদত্যাগ করবেন। প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। একইসঙ্গে এদিন জাতির উদ্দেশে ভাষণও দেবেন মনমোহন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিদায়ের পর ২০০৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মনমোহন। ভারতে টানা দু’দফায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
