৯/১১ জাদুঘর উদ্বোধন ওবামার
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে আল কায়েদার ভয়াবহ হামলার স্মৃতিবিজড়িত জাদুঘর উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
নিউ ইয়র্কে টুইন টাওয়ার ভেঙে পড়ার স্থান ‘গ্রাউন্ড জিরো’তে নির্মাণ করা হয়েছে এ জাদুঘর।
হামলায় নিহত প্রায় ৩ হাজার মানুষের মধ্যে অনেকেরই নামসহ ব্যক্তিগত ব্যাহার্য জিনিস ছাড়াও এ জাদুঘরে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ারের ধ্বংসাবশেষসহ হামলার ঘটনায় নিখোঁজদের পোস্টার এমনকি উদ্ধারকাজ চালাতে গিয়ে যারা মারা গেছেন সে সব কর্মীদের ইউনিটের নামও।
প্রেসিডেন্ট ওবামা, তার স্ত্রী মিশেল ওবামা, বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন এবং নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ জাদুঘরটি ঘুরে দেখেন।
বৃহস্পতিবার জাদুঘরের উদ্বোধনী বক্তব্যে ব্লুমবার্গ বলেন, এ জাদুঘর আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের গুরুদায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়।
জাদুঘরের কাছে এ সময় সমবেত হয়েছিল ১১ সেপ্টেম্বরের হামলায় বেঁচে যাওয়া মানুষ এবং উদ্ধারকর্মীরাও।
তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্যে ওবামা বলেন, “ক্ষত সারিয়ে তোলা এবং আশায় বুক বাঁধার পবিত্র স্থান এটি। এখানে যারা আসবেন তারা এক গভীর এবং মর্মস্পর্শী অভিজ্ঞতা লাভ করবেন বলেই আমি মনে করি”।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আল কায়েদা জঙ্গিদের ছিনতাই করা দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত হানলে নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। ছিনতাই করা আরেকটি বিমান আঘাত হানে পেন্টাগনে। চতুর্থ আরেকটি বিমান বিধ্বস্ত হয় পেনসিলভানিয়ায়।
